‘বাংলাদেশি’ অভিযোগে গ্রেফতার যুবককে বেকসুর খালাস দিল কোলকাতার আদালত
https://parstoday.ir/bn/news/india-i67971-বাংলাদেশি’_অভিযোগে_গ্রেফতার_যুবককে_বেকসুর_খালাস_দিল_কোলকাতার_আদালত
ভারতের পশ্চিমবঙ্গে ‘বাংলাদেশি’ অভিযোগে গ্রেফতার হওয়া নাসিরউদ্দিন শেখ নামে এক যুবককে কোলকাতার একটি আদালত বেকসুর খালাস দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার দক্ষিণ মাখালতলা গ্রামের বাসিন্দা নাসিরউদ্দিন শেখ ওরফে মুহাম্মদ নাসির শেখ নামে ওই যুবককে গত বছর জানুয়ারিতে কোলকাতার বউবাজার থানার পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৯ ০৮:৩০ Asia/Dhaka
  • ‘বাংলাদেশি’ অভিযোগে গ্রেফতার যুবককে বেকসুর খালাস দিল কোলকাতার আদালত

ভারতের পশ্চিমবঙ্গে ‘বাংলাদেশি’ অভিযোগে গ্রেফতার হওয়া নাসিরউদ্দিন শেখ নামে এক যুবককে কোলকাতার একটি আদালত বেকসুর খালাস দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার দক্ষিণ মাখালতলা গ্রামের বাসিন্দা নাসিরউদ্দিন শেখ ওরফে মুহাম্মদ নাসির শেখ নামে ওই যুবককে গত বছর জানুয়ারিতে কোলকাতার বউবাজার থানার পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়।  

পুলিশের দাবি ছিল, অভিযুক্ত যুবক ‘বাংলাদেশি’। বৈধ কাগজপত্র ছাড়াই তিনি ভারতে প্রবেশ করেছেন। কিন্তু পুলিশ এ নিয়ে কোনও জোরালো আইনি যুক্তি এবং প্রয়োজনীয় নথিপত্র আদালতে পেশ করতে না পারায় সম্প্রতি কোলকাতা নগর দায়রা আদালতের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক ড. মৌমিতা ভট্টাচার্য তাঁকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন। আদালতের মন্তব্য, পুলিশ অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় এই মামলা থেকে জেল হেফাজতে থাকা ওই যুবককে মুক্তি  দেওয়া হল। 

নাসিরের আইনজীবী কৌশিক চৌধুরী গতকাল (শুক্রবার) আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘পুলিশের ভুল সিদ্ধান্তের জন্যই আমার মক্কেলকে একবছর জেল হেফাজতে কাটাতে হয়েছে। এই মামলা দ্রুত নিষ্পত্তি না  হলে হয়তো তাঁকে আরও দীর্ঘ সময় জেলে থাকতে হতো। আদালত থেকে ন্যায়বিচার পাওয়ায় আমরা খুশি।’

ওই মামলার ‘বিশেষ’ সরকারি আইনজীবী টুলটুল দে আদালতের এই রায় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। আদালতে সাফাই দেওয়ার সময় অবশ্য সরকারি আইনজীবী অভিযোগ করেছিলেন, ‘বাংলাদেশি’ ওই যুবকের এদেশে প্রবেশের জন্য কোনও পাসপোর্ট, ভিসাসহ অন্যান্য নথিপত্র ছিল না।   

বিচার চলাকালে সরকারি আইনজীবী নাসিরের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলায় সাজার পক্ষেই সাফাই দিয়েছিলেন। যদিও ওই যুবকের আইনজীবী আদালতে তাঁর সাফাইতে বলেন, ‘আমার মক্কেল বাংলাদেশের বাসিন্দা নন। তিনি এ দেশের বাসিন্দা। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার বনসরা ডাকঘর এলাকার দক্ষিণ মাখালতলা গ্রামে।’

এ ব্যাপারে তিনি আদালতে প্রয়োজনীয় নথিপত্রসহ নাসিরের স্ত্রীর আধার কার্ড, সন্তানদের কোলকাতা পুরসভার জন্মনিবন্ধন সনদ প্রভৃতি পেশ করেন। অবশেষে দীর্ঘ এক বছর পরে আদালতের রায়ে মুক্তি পান নাসিরউদ্দিন শেখ ওরফে মুহাম্মদ নাসির শেখ নামে ওই যুবক। 

ভানু সরকার

এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের মানবাধিকার সংস্থা ‘বন্দি মুক্তি কমিটি’র সম্পাদকমণ্ডলীর সদস্য ভানু সরকার আজ (শনিবার) রেডিও তেহরানকে বলেন, ‘প্রথমত হল আমরা ‘বন্দি মুক্তি কমিটি’ থেকে বারবারই বলেছি যে, ভারতের মুসলিমদের অস্তিত্ব লোপাট করে দেয়ার প্রক্রিয়া চলছে। এবং এটা সেই প্রক্রিয়ারই অঙ্গ। আমরা ‘বন্দি মুক্তি কমিটি’অবশ্যই বলব, যে পুলিশ অফিসার একজন ভারতের স্বাধীন নাগরিককে ‘বাংলাদেশি’ বলে তাঁকে গ্রেফতার করেছে এবং যারা এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত আছেন তাঁদের বিরুদ্ধে তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তি দাবি জানাচ্ছি। কারণ, এটা যদি চলতে থাকে এবং ভারত সরকার নতুন নাগরিকত্ব যে বিল আনছে তা যদি আইনে পরিণত হয় তাহলে ভারতের প্রত্যেক মুসলিমকে যেকোনো জায়গা থেকে ধরে বলবে এ ‘বাংলাদেশের লোক’ এ আরাকানের লোক, এ রোহিঙ্গা, এ পাকিস্তানি! ফলে, এসব অবিলম্বে বন্ধ করার জন্য যারা এসব কাজ করছে পুলিশ অফিসার বা প্রশাসনের যেকোনো অংশ এরসঙ্গে যুক্ত অবশ্যই তাঁদের বিরুদ্ধে তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।’    

পার্সটুডে/এমএএইচ/এআর/৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন