চূড়ান্ত যুদ্ধে বিজয়ী হতে সব উপায় অবলম্বন করবে ভারত: দিল্লির প্রতিশ্রুতি
https://parstoday.ir/bn/news/india-i68337-চূড়ান্ত_যুদ্ধে_বিজয়ী_হতে_সব_উপায়_অবলম্বন_করবে_ভারত_দিল্লির_প্রতিশ্রুতি
ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি পাকিস্তানকে ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ আখ্যা দিয়ে বলেছেন, এ দেশটির বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে বিজয়ী হতে সব উপায় অবলম্বন করবে নয়াদিল্লি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ১৭:০০ Asia/Dhaka
  • অরুণ জেটলি (সামনে)
    অরুণ জেটলি (সামনে)

ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি পাকিস্তানকে ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ আখ্যা দিয়ে বলেছেন, এ দেশটির বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে বিজয়ী হতে সব উপায় অবলম্বন করবে নয়াদিল্লি।

তিনি বলেন, “আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যাতে আমরা চূড়ান্ত এ যুদ্ধে বিজয়ী হতে পারি কারণ পাকিস্তান একটি দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে তার প্রতিবেশীদের সঙ্গে ‘ঐতিহ্যগত’ আচরণ বন্ধ করতে ইচ্ছুক নয়।”

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেস বা সিআরপিএফ’র একটি বহরের ওপর সন্ত্রাসী হামলায় অন্তত ৪৪ জওয়ান নিহত হওয়ার পর দু দেশের মধ্যে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে তখন অরুণ জেটলি চূড়ান্ত যুদ্ধে বিজয়ী হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন।

পুলওয়ামায় হামলার পরের দৃশ্য

পাকিস্তানভিত্তিক জইশে মুহাম্মাদ নামে একটি গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। এ প্রসঙ্গে অরুণ জেটলি বলেন, সন্ত্রাসী গোষ্ঠী দায়িত্ব স্বীকার করলেও পাকিস্তান তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুলওয়ামা হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২৩