ভারতবাসীর প্রতি মোদি: আপনাদের চৌকিদার সম্পূর্ণ সতর্ক রয়েছে
https://parstoday.ir/bn/news/india-i68543-ভারতবাসীর_প্রতি_মোদি_আপনাদের_চৌকিদার_সম্পূর্ণ_সতর্ক_রয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আপনাদের ‘চৌকিদার’ সম্পূর্ণ সতর্ক রয়েছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সামনে আপনাদের এই চৌকিদার প্রাচীরের মত দাঁড়িয়ে আছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৩, ২০১৯ ১৬:৪৩ Asia/Dhaka
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আপনাদের ‘চৌকিদার’ সম্পূর্ণ সতর্ক রয়েছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সামনে আপনাদের এই চৌকিদার প্রাচীরের মত দাঁড়িয়ে আছে।

তিনি আজ (রোববার) বিহারে এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

কংগ্রেসসহ অন্য বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের বীর জওয়ানরা যে পরাক্রম দেখিয়েছে তার ওপরেও ওরা সন্দেহ করছেন! পাকিস্তানে এয়ার স্ট্রাইক নিয়ে ওরা যে অভিযোগ করছে  তা  ভারতের শত্রুদের সাহায্য  করছে। ওরা আগে সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছিল। এবার সন্ত্রাসীদের ঠিকানায় বিমান হামলারও প্রমাণ চাচ্ছে! আমি কংগ্রেস ও অন্যদের কাছে  জানতে চাই শেষমেশ কেন আপনারা সশস্ত্র বাহিনীর মনোবল ভাঙতে চাচ্ছেন? কংগ্রেস এমন কথা বলছে যা শত্রুপক্ষকে সাহায্য করছে। গালমন্দ করার প্রতিযোগিতা হলেও  চৌকিদার নিজের দায়িত্ব পালনে সদা সতর্ক।'

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সকলেই জানেন, আমাদের দেশের যোগ্য সেনাবাহিনী সন্ত্রাসকে নির্মূল করার কাজে নিয়োজিত। তা সে সীমান্তের মধ্যে হোক অথবা বাইরে হোক, কিন্তু এ সময় দেশে কিছু মানুষ কি করছেন? দেশের সেনাবাহিনীর  মনোবল বৃদ্ধির পরিবর্তে, তারা এমনভাবে কাজ করছে, যাতে শত্রুদের মুখ উজ্জ্বল হচ্ছে।  সন্ত্রাসের কারখানা চালানো ওয়ালাদের  বিরুদ্ধে যখন এক সুরে কথা বলার প্রয়োজন ছিল,  তখন দিল্লিতে ২১টি দল মোদির বিরুদ্ধে, কেন্দ্রীয় এনডিএ সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করার জন্য একত্রিত হয়েছিল।’

কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং

এদিকে, আজ কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং বলেছেন, ‘আমি  পাকিস্তানে সন্ত্রাসী ঠিকানায় ভারতীয় বিমানবাহিনীর সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। কিন্তু এখন প্রযুক্তির যুগ। খোলা জায়গায় যেকোনো ঘটনার ছবি স্যাটেলাইটের মাধ্যমে প্রকাশ্যে চলে আসে। যেভাবে আমেরিকা সরকার ওসামা বিন লাদেনের বিষয়ে প্রমাণ গোটা বিশ্বকে দিয়েছিল,  সেরকম প্রমাণ আমাদেরও(সরকারের) দেয়া উচিত।’ 

অন্য এক প্রশ্নের জবাবে দিগ্বিজয় সিং বলেন নরেন্দ্র মোদির মতো মিথ্যেবাদী আমরা এপর্যন্ত দেখি নি!’ #

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৩