বিজেপির সময় শেষ, মোদির অহংকার ও দম্ভের জবাব দেবে মানুষ: অভিষেক
-
অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘বিজেপির সময় শেষ, আগামীদিনে মানুষ মোদির অহংকার ও দম্ভের জবাব দেবে।’ লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (সোমবার) তিনি বাঁকুড়া স্টেডিয়ামে দলীয় কর্মীসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি ধর্ম আর দাঙ্গার নামে বাংলাকে অশান্ত করতে চাচ্ছে। এই লড়াইটা (লোকসভা নির্বাচন) সাম্প্রদায়িক মোদি আর বাংলার অগ্নিকন্যার (মমতা) লড়াই। আপনাদের সকলকে একজোট হয়ে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা কোনো দিন নরেন্দ্র মোদিকে চা বিক্রি করতে দেখিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হাওয়াই চটি পরে আর টালির ঘরে বাস করে দশ কোটি মানুষের উন্নয়ন করতে দেখেছি। বিজেপি ভেবেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই, ইডির ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে বশ্যতা স্বীকার করাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের সম্মান কলুষিত হতে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দিয়েছেন, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সরকার গঠন করার ডাক দিয়েছেন। বাংলাই ভারতের পথ দেখাবে।’
সিপিএমের সমালোচনা করে অভিষেক বলেন, ‘যারা আগে লাল ঝাণ্ডা নিয়ে ঘুরে বেড়াতো তারাই আজ গেরুয়া পতাকা ধরেছে। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের উন্নয়নের কোনো কর্মসূচি নেই। বিজেপিকে বেঁচে থাকতে গেলে ধর্ম, দাঙ্গা, আর নকল দেশপ্রেমের প্রয়োজন হয়।’
আমরা বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়তে প্রস্তুত নই, বাংলার সম্মান রক্ষার জন্য আমাদের লড়াই চলবে বলেও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৯