শুধু হিন্দু-মুসলিম নয় গোটা ভারত বিপদের মধ্যে রয়েছে: অভিষেক
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারতে হিন্দু-মুসলিম নয় গোটা দেশ বিপদের মধ্যে রয়েছে। গতকাল (সোমবার) সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত মোটিয়াবুরুজের আকড়ায় দলীয় এক সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।
অভিষেক বলেন, ‘কেউ বলছেন, হিন্দুরা বিপদে, কেউ বলছেন মুসলিমরা বিপদে রয়েছে, কিন্তু আমি বলছি, চোখ খুলে দেখুন গোটা দেশ বিপদের মধ্যে রয়েছে।’
হিন্দুত্ববাদী বিজেপি’র সমালোচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির স্লোগান হল, জয় শ্রীরাম, মানুষের মাথার নেই কোনো দাম। ওরা আফরাজুলকে হত্যা করে জ্বালিয়ে দিল! ওটা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) না ভারতীয় জোকার পার্টি? ওরা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারে না বলেই মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে।’
তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনে মোদি সরকারকে ছুঁড়ে ফেলবেন দেশের মানুষ। দলের বেশীরভাগ প্রার্থীই পরাজিত হবেন। ফলে, নির্বাচনের পরে বিজেপি ভারতীয় জোকার পার্টিতে পরিণত হবে।’
বিজেপির ফায়ারব্রান্ড নেতা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথকে চ্যালেঞ্জ করে অভিষেক বলেন, ‘যোগি আদিত্যনাথ বাংলা সম্পর্কে অনেক কথা বলেন। কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে উত্তরপ্রদেশে সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচার চালাচ্ছেন। আপনি যদি বাপের বেটা হন তাহলে আমার বিরুদ্ধে প্রার্থী হয়ে দাঁড়ান। আগুন নিয়ে খেলবেন না। আমরা এই বাংলায় বুকের রক্ত দিয়ে আগুন নেভাব। এক ইঞ্চি জমিও ছাড়ব না।’
উপস্থিত জনতার উদ্দেশ্যে অভিষেক বলেন, ‘বিজেপিকে পরাজিত করতে হলে কংগ্রেস বা সিপিএমকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন না। ভোটারদের এই কথাটাই বুঝিয়ে বলতে হবে।’
তিনি বলেন, ‘সিপিএম নাস্তিক। ওরা ধর্মে বিশ্বাস করে না। নির্বাচন এলেই সংখ্যালঘু মানুষের জন্য বড় বড় কথা বলে। আর একজন করে সংখ্যালঘু প্রার্থী দাঁড় করিয়ে সংখ্যালঘু ভোট ভাগ করার চেষ্টা করে।’
তিনি বলেন, ‘এখানে ১৯ মে নির্বাচন হবে। ৫ মে’র আগে নির্বাচন হলে ভালো হতো। রমজান মাসে সংখ্যালঘুরা এজন্য অসুবিধায় পড়বেন। সংখ্যালঘুদের অসুবিধার কথা ভেবে রমজান মাসে নির্বাচন না করার জন্য তৃণমূলই একমাত্র নির্বাচন কমিশনে আবেদন করেছিল। কিন্তু সিপিএম, কংগ্রেস ও বিজেপি এ নিয়ে কোনও উচ্চবাচ্যই করেনি।’
তৃণমূল মানুষের পাশে থেকে, মানুষকে সঙ্গে নিয়ে কাজ করে। কিন্তু সিপিএম, কংগ্রেস, বিজেপি মানুষের কথা ভাবে না বলেও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৬
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন