লোকসভা নির্বাচন 'সাম্প্রদায়িক মোদি' বনাম 'বাংলার দিদি'র লড়াই: অভিষেক
-
অভিষেক বন্দ্যোপাধ্যায়
ভারতের লোকসভা নির্বাচন 'সাম্প্রদায়িক মোদি' বনাম 'বাংলার দিদি'র (মমতা বন্দ্যোপাধ্যায়) লড়াই বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (শনিবার) পশ্চিমবঙ্গের ডায়মণ্ডহারবারে দলীয় এক সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। ওরা কেবল মিথ্যে কথা আর ভাঁওতা দিয়ে গেছে। মিথ্যে কথা আর ভাঁওতার জায়গা এই মাটিতে নেই। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। লোকসভা নির্বাচনে মানুষ জবাব দিয়ে বুঝিয়ে দেবে কে কোথায় আছে এবং আগামীদিন কে কোথায় থাকবে। আমাদের লড়াইটা বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার সম্মান রক্ষার লড়াই। এর মাঝখানে আর কেউ নেই। সাম্প্রদায়িক মোদি বনাম বাংলার দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) লড়াই। লোকসভা নির্বাচনে আপনাদের সেটাই প্রমাণ করতে হবে।’
বিরোধীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, ‘আমি ডায়মণ্ডহারবারে আছি। ওস্তাদের মার শেষ রাতে। আমরা রাস্তায় রাস্তায়, বুথে বুথে মানুষের সঙ্গে থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আর সিপিএমের দুঃশাসনের কথা আবার মানুষকে স্মরণ করিয়ে দেবো।’
অভিষেক বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদি বলেছিলেন তিনি নাকি চা-ওয়ালা। কিন্তু এখন বলছেন তিনি নাকি ‘চৌকিদার’। এই ‘চৌকিদার’ আমাদের দরকার নেই। যে মানুষের টাকা নিয়ে নয়-ছয় করে, যে চৌকিদার থাকতে নীরব মোদি, ললিত মোদি, বিজয় মালিয়া পালিয়ে যায় এমন চৌকিদারের দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদির মধ্যে পার্থক্য হল, ২০১৩ সালে সুদীপ্ত সেন প্রতারণা করে পালিয়ে গিয়েছিল। কিন্তু মমতা কাশ্মির থেকে তাকে ধরে নিয়ে এসে জেলে পাঠিয়েছে।’ কিন্তু নরেন্দ্র মোদি, বিজয় মালিয়াকে ১২ হাজার কোটি টাকা মেরে ব্রিটেনে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩০