ভারতে প্রথম দফার লোকসভার নির্বাচনে বিক্ষিপ্ত গোলযোগ ও সহিংসতা
https://parstoday.ir/bn/news/india-i69500-ভারতে_প্রথম_দফার_লোকসভার_নির্বাচনে_বিক্ষিপ্ত_গোলযোগ_ও_সহিংসতা
ভারতে ১৭ তম লোকসভার প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি রাজ্যে বিক্ষিপ্ত গোলযোগ ও সহিংসতা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ১১, ২০১৯ ১৪:৪৮ Asia/Dhaka
  • ভারতে প্রথম দফার লোকসভার নির্বাচনে বিক্ষিপ্ত গোলযোগ ও সহিংসতা

ভারতে ১৭ তম লোকসভার প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি রাজ্যে বিক্ষিপ্ত গোলযোগ ও সহিংসতা হয়েছে।

আজ ২০ টি রাজ্যে ৯১ লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অন্ধ্র প্রদেশে জনসেনা পার্টির প্রার্থী মধুসূদন গুপ্তা একটি বুথের মধ্যে ইলেক্ট্রনিক ভোট যন্ত্র আছড়ে ভেঙে ফেললে পুলিশ তাঁকে গ্রেফতার করে। 

উত্তর প্রদেশের কৈরানায় পরিচয়পত্রহীন ভোটারদের ছত্রভঙ্গ করতে বিএসএফকে শূন্যে গুলি চালাতে হয়। উত্তর প্রদেশে বিএসপি মহাসচিব সতীশ চন্দ্র মিশ্র অভিযোগ করেন পুলিশ দলিত ভোটারদের বিরুদ্ধে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে যাতে দলিত ভোটার ভোট দিতে না পারেন।      

অন্ধ্র প্রদেশের অনন্তপুরে এক সংঘর্ষে এস ভাস্কর রেড্ডি নামে টিডিপি পার্টির এক নেতা নিহত হয়েছেন। টিডিপির অভিযোগ, ওই ঘটনার নেপথ্যে ওয়াইএসআরসিপি কর্মীদের হাত রয়েছে।  

হায়দ্রাবাদের একটি কেন্দ্রে ভোট দেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি

মহারাষ্ট্রে একটি নির্বাচনি বুথের কাছে মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে। ওই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

পশ্চিমবঙ্গের কুচবিহারে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটে বিধিভঙ্গের অভিযোগ তুলেছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল। তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন,  নিয়ম না মেনে বুথের মধ্যে ঢুকে পড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁর দাবি, রাজ্যের পুলিশ দিয়ে নির্বাচন হলে অনেক সুষ্ঠুভাবে নির্বাচন করানো সম্ভব হতো।    

ভোটারদের সারি

উত্তর প্রদেশের সাহারানপুরে একশ’র বেশি ইভিএম মেশিন খারাপ হওয়ায় সেগুলো পরিবর্তন করা হয়।  

এদিন উত্তর প্রদেশের মুজাফফর নগরে মুসলিম অধ্যুষিত এলাকায় বোরকার আড়ালে ভুয়ো ভোট দেয়া হচ্ছে বলে মুজাফফরনগরের বিজেপি প্রার্থী ও কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান অভিযোগ করেন। তাদের পরিচয়পত্র চেহারার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে না বলেও তাঁর অভিযোগ।

যদিও রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার এল বেঙ্কটেশ্বর লু বলেন, এ ধরণের বিবৃতিতে বিভ্রান্তি ছড়ায়। এর মধ্যে কোনও সত্যতা নেই এবং এটি ভিত্তিহীন অভিযোগ বলে বিজেপি প্রার্থীর ওই অভিযোগকে খারিজ করে দেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১