এনআরসি চালু করতে দেবো না, মানুষ মোদিকে ছুঁড়ে ফেলবে: জ্যোতিপ্রিয় মল্লিক
-
বক্তব্য রাখছেন জ্যোতিপ্রিয় মল্লিক
ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘আমরা জাতীয় কোনোভাবেই নাগরিকপঞ্জি (এনআরসি) চালু করতে দেবো না। নরেন্দ্র মোদি তুমি ক্ষমতায় আসতে পারবে না। বাংলার মানুষ, ভারতের মানুষ তোমাকে ছুঁড়ে ফেলে দেবে।’
তিনি আজ (বৃহস্পতিবার) বিকেলে বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডা. কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে হাবড়া পৌর এলাকায় এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ওই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর প্রতি তীব্র কটাক্ষ করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘তুমি এনআরসি চালু করবে? তুমি ঠিক করে দেবে কে দেশে থাকবে? তুমি আমার ঠাকুরদাদা? আমরা ভারতে থাকব কিনা তুমি ঠিক করে দেবে? আমরা চলে যাবো ওপার বাংলায় আর তুমি থাকবে এপার বাংলায়- এসব কিছুই করতে দেবো না। সেজন্যই এই ভোট। এনআরসি নিয়ে যে কাগজ দেওয়া হয়েছে সেই কাগজ সকলেই পড়বেন। কি বীভৎস ব্যাপার! যে প্রমাণপত্র এনআরসিতে চাওয়া হয়েছে তা সারা জীবনেও জোগাড় করা সম্ভব নয়। আর জোগাড় করতে না পারলে আপনাকে বেরিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘এটা কি ওনাদের বাপের সম্পত্তি? আমরা এখানে জন্মালাম, আমরা এখানে চাকরি করছি, আমাদের ছেলেকে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, কেউ রেলে, পোষ্ট অফিসে বা ব্যাংকে চাকরি করছে তাঁকে বলছে চলে যেতে হবে! উনি ‘হরিদাস পাল’! ওঁর নাম দিই ‘হরিদাস পাল’। আজ থেকে নরেন্দ্র মোদির নাম ‘হরিদাস পাল’ বলা হবে বলেও জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৮