ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় বিক্ষিপ্ত সহিংসতা, পশ্চিমবঙ্গে নিহত ১
-
টিয়ারুল শেখের মৃতদেহ
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় বিক্ষিপ্ত সহিংসতা হয়েছে। আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে টিয়ারুল শেখ নামে এক ব্যক্তি নিহত এবং মেহবুব শেখ ও তাহিজুল শেখ নামে দু’জন আহত হয়েছেন। হতাহতরা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এলাকার বাসিন্দা।
কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে সন্ত্রাস ছড়াতে তৃণমূল আশ্রিত দুর্বৃত্তরা ওই হামলা চালিয়েছে। যদিও ওই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ওই ঘটনা ঘটেছে।
মুর্শিদাবাদের কংগ্রেস প্রার্থী আবু হেনা বলেন, ‘টিয়ারুল শেখ নামে একজন কংগ্রেস কর্মী মারা গেছে বলে শুনেছি। পুলিশের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় তৃণমূলের গুণ্ডারা এসব কাজ করছে। কংগ্রেসের উপরে মানুষের যে সমর্থন কংগ্রেসের উপরে আছে সেটা ওদের সহ্য হচ্ছে না।’
অন্যদিকে, মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহেরের অভিযোগ, কংগ্রেস-সিপিএম-বিজেপি মিলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ওই ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই।’ আজ মুর্শিদাবাদের ডোমকলেও তৃণমূল ও কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক তৃণমূল সমর্থক গুরুতর আহত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশে আজ ১৩টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ১১৭ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ ও জঙ্গিপুর কেন্দ্র রয়েছে। ১১৭ আসনে মোট প্রাথী রয়েছেন ১ হাজার ৬৪০ জন। ভোটার ১৮ কোটি ৮৫ লাখ ৯ হাজার ৫১৮ জন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৩