লোকসভা নির্বাচন: বহরমপুরে কংগ্রেস এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ
https://parstoday.ir/bn/news/india-i69951-লোকসভা_নির্বাচন_বহরমপুরে_কংগ্রেস_এজেন্টদের_বের_করে_দেয়ার_অভিযোগ
ভারতে লোকসভার চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ (সোমবার) ৯ রাজ্যের ৭২টি আসনে ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
এপ্রিল ২৯, ২০১৯ ১০:৪২ Asia/Dhaka
  • ভোটারদের দীর্ঘ সারি
    ভোটারদের দীর্ঘ সারি

ভারতে লোকসভার চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ (সোমবার) ৯ রাজ্যের ৭২টি আসনে ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

চতুর্থ দফায় মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ১৭টি আসনে নির্বাচন হচ্ছে। রাজস্থান ও উত্তরপ্রদেশে ১৩ টি করে আসনে নির্বাচন হচ্ছে। পশ্চিমবঙ্গে ৮, মধ্য প্রদেশ ও উড়িষ্যায় ৬ টি করে, বিহারে ৫ টি, ঝাড়খণ্ডে ৩ টি ও জম্মু-কাশ্মিরে ১ টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

চতুর্থ দফার নির্বাচনে মেহবুবা মুফতি, কানহাইয়া কুমার, সালমান খুরশিদ, উর্মিলা মাতন্ডকর, মিলিন্দ দেওরা, ডিম্পল যাদবের মতো হেভিওয়েট প্রার্থীরা ময়দানে রয়েছেন।

আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। আজ ভোট শুরুর আগেই পশ্চিমবঙ্গের বহরমপুরের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে উত্তেজনা সৃষ্টি হয়। এখানে কংগ্রেসের এজেন্টদের নির্বাচনি বুথ থেকে বের করে দেয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনার খবর পেয়েই সংশ্লিষ্ট বুথে ছুটে যান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। তাঁর উদ্যোগে পুনরায় কংগ্রেস এজেন্টদের বুথে ঢোকানো হয়।

অধীর চৌধুরী

অধীর চৌধুরী বলেন, ‘এই বুথে কেন্দ্রীয় বাহিনী নেই। কেন্দ্রীয় বাহিনী কম থাকার জন্য বহরমপুরের কিছু বুথে কেন্দ্রীয় বাহিনী দেয়া হয়নি। রাজ্য পুলিশ মানেই তারা (ক্ষমতাসীন) তৃণমূল নেতৃত্বের ইঙ্গিতে চলে। এখানকার পুলিশ সুপার ও জেলা প্রশাসক মদদ দিচ্ছে যাতে নির্বাচনে কংগ্রেসকে দুর্বল করা যায়, মানুষ যাতে ভোট দিতে না পারে। সেজন্য এখানে এসেছি। কেন্দ্রীয় বাহিনী থাক আর না থাক এখানে এজেন্ট বসানো হবে এবং মানুষ ভোট দেবে।’

বারবার করে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দেয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছিল বলেও কংগ্রেস নেতা অধীর চৌধুরী মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৯