মোদিজি আরও একবার দেশের প্রধানমন্ত্রী হবেন: অমিত শাহ
-
একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, মোদিজি আরও একবার দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
অমিত শাহ বলেন, ‘মমতা দিদি বলছেন মোদিজিকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে মানেন না। মমতা দিদি আপনি কি দেশের সংবিধান মানেন না? আপনি না মানলেও কিছু যাবে আসবে না, মোদিজি আরও একবার দেশের প্রধানমন্ত্রী হবেন।’
তিনি বলেন, ‘এই নির্বাচন পুরো দেশের জন্য মোদিজি যে কাজ করেছেন তার জন্য লড়াই চলছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই নির্বাচন মমতা দিদিকে ক্ষমতা থেকে সরানোর জন্য লড়াই হচ্ছে।’
সম্প্রতি মমতার গাড়িবহরকে দেখে কিছু যুবক জয় শ্রীরাম ধ্বনি দিলে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন। তাঁকে গাড়ি থেকে নামতে দেখেই পালিয়ে যায় ওই যুবকরা। ওই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই ঘটনার জের টেনে আজ আমিত শাহ বলেন, ‘আমি মমতা দিদিকে বলতে চাই, জয় শ্রীরাম ধ্বনি ভারতে নেওয়া হবেনা তো কী পাকিস্তানে নেওয়া হবে? জয় শ্রীরাম বললে মমতা দিদি অসন্তুষ্ট হন, রামের নাম নিতে কী উনি বাধা দিতে পারেন? আমরা রামের নাম বলবোই।আপনার ক্ষমতা থাকলে আটকান। ঘাটালবাসী আমার সাথে বলুন জয় শ্রীরাম। মমতা দিদি এবার আপনার যা করবার আছে, যা ধারা দেয়ার আছে দিয়ে দিন। আমাদের জয় শ্রীরাম বলা থেকে কেউ আটকাতে পারবে না।’
বাংলায় মমতা দিদি গণতন্ত্রের হত্যা করেছেন। পঞ্চায়েত নির্বাচনে ৬০-এর বেশি কর্মীকে হত্যা করা হয়েছে বাংলার মানুষকে ভোট দিতে দেয়া হয়নি, লোকসভা নির্বাচনেও মানুষকে ভোট দিতে দিচ্ছেন না বলেও অমিত শাহ মন্তব্য করেন।
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৭