পাকিস্তানের ইঙ্গিতে কাশ্মিরের অনন্তনাগে আত্মঘাতী হামলা হয়েছে: সত্যপাল মালিক
-
জম্মু-কাশ্মিরের রাজ্যপাল সত্যপাল মালিক
জম্মু-কাশ্মিরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেছেন, অনন্তনাগে সন্ত্রাসী হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান৷ গতকাল (বুধবার) সন্ত্রাসী হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের পাঁচ জওয়ান নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ (বৃহস্পতিবার) তিনি এসংক্রান্ত মন্তব্য করেন।
রাজ্যপালের অভিযোগ, গতকাল অনন্তনাগে যে আত্মঘাতী হামলা হয়েছে তার নেপথ্যে পাকিস্তান রয়েছে। তিনি বলেন, উপত্যকায় লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ হোক সন্ত্রাসীরা তা চায়নি। যদিও নির্বাচনে এখানে তেমন গোলযোগ হয়নি। পাকিস্তানে বসে থাকা সন্ত্রাসী সংগঠনের নেতারা এটাকে ভালোভাবে নেয়নি৷ অনন্তনাগে হামলার আগে পাকিস্তান থেকে নির্দেশ এসেছিল৷ উপত্যকায় একটু শান্তি ফিরে এলে ভূস্বর্গকে অশান্ত করে তুলতে পাকিস্তান উঠে পড়ে লাগে। সেজন্যই এই হামলা হয়েছে।
গতকাল (বুধবার) রাজ্যপাল সন্ত্রাসীদের উদ্দেশ্যে অস্ত্র ত্যাগ করে সংলাপে বসার আহ্বান জানান। তিনি বলেন, সংলাপই একমাত্র উপায় যার মধ্য দিয়ে সংবিধানের আওতায় যা চাওয়া হচ্ছে তা পাওয়া যেতে পারে।
তিনি বলেন, ‘কাশ্মিরে সন্ত্রাসবাদের সমস্যা শুধু তরুণদের মধ্যে বেকারত্বের কারণে নয়, বরং গত কয়েক দশক ধরে নেতারাও জনগণকে বিভ্রান্ত করছেন। আজাদি এবং কখনও কখনও স্বায়ত্তশাসনের স্বপ্ন দেখানো হয়েছে। যখন এসবে কাজ হয় না তখন উগ্রবাদের মধ্যদিয়ে জান্নাতের স্বপ্ন দেখানো হয়।’
রাজ্যপাল বলেন, ‘আপনাদের নিজেদের সংবিধান রয়েছে, নিজেদের পতাকা রয়েছে আরও যা চাই তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের আওতায় আলোচনার মধ্য দিয়ে পাওয়া যাবে। আমি যুবকদের বলতে চাই, দুটি স্বর্গ আছে। এরমধ্যে একটি হল কাশ্মির। ভালো মুসলিম হলে অন্যটাও ভাগ্যে হবে। আমি কাশ্মিরি তরুণদের বলতে চাই, অস্ত্র ত্যাগ করে আমার সঙ্গে খাওয়াদাওয়া করার জন্য রাজভবনে আসুন। কাশ্মিরি তরুণরা আজ থেকে ১০ বছর পরে তারা নিজেদের ভুল বুঝতে পারবে বলেও রাজ্যপাল সত্যপাল মালিক মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার /৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ