কাশ্মির সীমান্তে তুমুল সংঘর্ষ, পাক বাহিনীর গুলিতে ভারতীয় জওয়ান নিহত
-
ফাইল ফটো
জম্মু-কাশ্মির সীমান্তে পাক বাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছেন। নায়েক কৃষাণ লাল (৩৪) নামে ওই জওয়ান আজ (মঙ্গলবার) রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষে নিহত হন।
গত শনিবারও উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলার মছিল সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-পাক সেনা জওয়ানদের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের মধ্যে ল্যান্স নায়েক রাজিন্দর সিং নামে এক সেনা জওয়ান নিহত হন। তিনি ৫৭ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন।
আজ উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর কর্নাহ এলাকায় দুদেশের সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ ও শেল নিক্ষেপের ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
এক সেনা কর্মকর্তা বলেন, পাকিস্তানি সেনাবাহিনী আজ দুপুর দেড়টা নাগাদ বিনা প্ররোচনায় তঙ্গধার সেক্টরে ভারতীয় অগ্রবর্তী অবস্থান টার্গেট করে গুলিবর্ষণ করে। ভারতীয় বাহিনী ওই ঘটনার কঠোর ও কার্যকরভাবে পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে জবাব দিয়েছে।
এর আগে গত (রোববার) পুঞ্চে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে এক শিশুসহ তিন বেসামরিক ব্যক্তি আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। গতকাল সোমবার ডেপুটি কমিশনার রাহুল যাদব হাসপাতালে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
গণমাধ্যমের একটি সূত্রে প্রকাশ, গত কয়েক বছরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান অনেকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করলেও মুড়ি মুড়কির মতো গোলাবর্ষণ গত এক দশকে এই প্রথম।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩০