কাশ্মীরিদের জন্য মোবাইল নয়, তাঁদের জীবন গুরুত্বপূর্ণ: গভর্নর সত্যপাল মালিক
-
গভর্নর সত্যপাল মালিক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক বলেছেন, কাশ্মীরিদের জন্য মোবাইল নয়, তাঁদের জীবন গুরুত্বপূর্ণ। তিনি আজ (সোমবার) ওই মন্তব্য করেন।
গভর্নর বলেন, কাশ্মীরিরা এরআগেও মোবাইল ছাড়া বাস করতেন। আপনাদের বুঝতে হবে যে টেলিফোন সন্ত্রাসবাদীদের সংহতির জন্যও ব্যবহৃত হচ্ছে।
তিনি বলেন, ফারুক আবদুল্লাহর উপনির্বাচনের সময় একদিনেই ৯ জন নিহত হয়েছিল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে চার হাজার সরপঞ্চ (প্রধান) জনগণের জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি ছাড়াই নির্বাচিত হয়েছেন। গত দু’মাসে উপত্যকায় কেউ প্রাণ হারায়নি।
জম্মু-কাশ্মীরে দীর্ঘ প্রায় ৭২ দিন বাদে আজ (সোমবার) দুপুর থেকে সমস্ত নেটওয়ার্কে পোস্টপেইড মোবাইল পরিসেবা চালু হয়েছে। মোট ৬৬ লাখ মোবাইল গ্রাহকের মধ্যে এদিন ৪০ লাখ পোস্ট পেইড গ্রহক নতুন করে পরিসেবা পেতে শুরু করেছেন।
এর আগে গত (শনিবার) দুপুরে সে রাজ্যের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রোহিত কনসাল ঘোষণা করেন আগামী সোমবার, বেলা ১২টা থেকে কাশ্মীরে সমস্ত পোস্ট পেইড মোবাইল পরিসেবা চালু হতে চলেছে। সেই মতো এদিন মোবাইল পরিসেবা চালু হলেও ইন্টারনেটে নিষেধাজ্ঞা চালু রয়েছে। কিছুদিনের মধ্যে ইন্টারনেট পরিসেবা চালু হয়ে যাবে বলে গভর্নর সত্যপাল মালিক আশ্বাস দিয়েছেন।
এদিকে, গভর্নর সত্যপাল মালিকের উপদেষ্টা ফারুক খান বলেছেন, ‘মোবাইল ফোনে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে বিপুলসংখ্যক পর্যটক এবার কাশ্মীরে আসবেন। আশা করা যায়, যখন জনগণের কাজকর্ম স্বাভাবিক হয়ে যাবে তখন তারা বলতে পারবেন না যে তারা অসুবিধার মুখোমুখি হচ্ছেন।’ জম্মু ও কাশ্মীরে মৌলবাদের কোনও স্থান নেই বলেও ফারুক খান মন্তব্য করেন।
এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের 'বন্দি মুক্তি কমিটি'র সম্পাদকমণ্ডলীর সদস্য ভানু সরকার আজ (সোমবার) রেডিও তেহরানকে বলেন, ‘কেন্দ্রীয় সরকার বা বলা ভালো মোদি-অমিত শাহের সরকার তারা এতদিন ধরে মোবাইল ও ইন্টারনেট পরিসেবা বন্ধ রেখে কাশ্মীরের মানুষদের সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন রেখেছে এই কারণে যে তারা জানে কাশ্মীরে তারা যে অত্যাচার করছে, যোগাযোগ ব্যবস্থা চালু থাকলে সেই অত্যাচারের খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এবং সারা পৃথিবীজুড়ে কাশ্মীরের মানুষের সমর্থনে বিক্ষোভ আন্দোলন হচ্ছে, নরেন্দ্র মোদিরা যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানে মানুষ তাঁদেরকে প্রশ্ন করছেন কাশ্মীরের মানুষ কেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন?’
তিনি বলেন, ‘আমরা মানবাধিকার কর্মীরা চিরকালই বলে আসছি, যে এই সরকার ভয় পেয়েছে। এবং ভয় পেয়েছে বলেই তারা আজকে কাশ্মীরের মানুষদের মানবাধিকারকে গলাটিপে হত্যা করছে। তারা প্রতি মুহূর্তে আতঙ্কে আছে যদি যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ চালু হয়ে যায় তাহলে তারা যে অত্যাচার করেছে সেই অত্যাচারের খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এবং মোদি-অমিত শাহ (প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী) ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সারা পৃথিবীজুড়ে গণতান্ত্রিক মানুষের ক্ষোভ আরও বাড়বে। সেজন্য তারা এগুলো বন্ধ করেছে। এখন যেটুকু খুলেছে, সেটুকু সারা পৃথিবীতে এবং দেশে-বিদেশে সব জায়গাতেই মানুষের প্রতিবাদের জন্যই এটুকু করেছে। সরকার ভালোবেসে করেছে এরকম নয়, প্রতিবাদের চাপে এটা করেছে।’
পার্সটুডে/এমএএইচ/এআর/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।