জম্মু-কাশ্মীর থেকে সরানো হল সত্যপাল মালিককে, নতুন রাজ্যপাল গিরীশ চন্দ্র
https://parstoday.ir/bn/news/india-i74761-জম্মু_কাশ্মীর_থেকে_সরানো_হল_সত্যপাল_মালিককে_নতুন_রাজ্যপাল_গিরীশ_চন্দ্র
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে বদলি করে গোয়ার নয়া রাজ্যপাল করা হয়েছে। তাঁর জায়গায় প্রস্তাবিত জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম উপ-রাজ্যপাল হচ্ছেন সাবেক আইএএস কর্মকর্তা ও বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ব্যয় সচিব গিরীশচন্দ্র মুর্মু।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ২৫, ২০১৯ ১৯:২২ Asia/Dhaka
  • রাজ্যপাল সত্যপাল মালিক
    রাজ্যপাল সত্যপাল মালিক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে বদলি করে গোয়ার নয়া রাজ্যপাল করা হয়েছে। তাঁর জায়গায় প্রস্তাবিত জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম উপ-রাজ্যপাল হচ্ছেন সাবেক আইএএস কর্মকর্তা ও বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ব্যয় সচিব গিরীশচন্দ্র মুর্মু।  

নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সেখানকার মুখ্যসচিব ছিলেন গিরীশ চন্দ্র মুর্মু। তাঁকে মোদির ঘনিষ্ঠ ও বিশস্ব বলে মনে করা হয়। 

অন্যদিকে, কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চল লাদাখের প্রথম উপ-রাজ্যপাল হবেন সাবেক আইএএস কর্মকর্তা রাধাকৃষ্ণ মাথুর। ১৯৭৭ সালের ত্রিপুরা ক্যাডারের ওই কর্মকর্তা ২০১৮ সালের নভেম্বরে মুখ্য তথ্য কমিশনারের পদ থেকে অবসর নেন।

গিরীশ চন্দ্র মুর্মু

আগামী ৩১ অক্টোবর আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করবে জম্মু-কাশ্মীর ও লাদাখ। সেজন্য আগেভাগেই এসব নিয়োগের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করে দেয়। গঠন করা হয় জম্মু-কাশ্মীর এবং লাদাখ, দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল।

এরপরে প্রায় তিন মাস হতে চললেও এখনও অবরুদ্ধ হয়ে আছে গোটা উপত্যকা। বন্দি হয়ে আছেন রাজ্যের সাবেক তিন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ডা. ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহসহ বহু রাজনীতিক। এরকম পরিস্থিতিতেই আজ (শুক্রবার) জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে বদলি করার সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।