ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সফরের আগে কাশ্মীরে গ্রেনেড হামলা
https://parstoday.ir/bn/news/india-i74841-ইউরোপীয়_পার্লামেন্টের_প্রতিনিধিদের_সফরের_আগে_কাশ্মীরে_গ্রেনেড_হামলা
আগামীকাল (মঙ্গলবার) ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের জম্মু-কাশ্মীর সফরের কথা রয়েছে। কিন্তু তার আগেই আজ বিকেলে সোপোরের একটি বাসস্ট্যান্ডে অজ্ঞাত গেরিলারা গ্রেনেড নিক্ষেপ করলে ১৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছে।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ২৮, ২০১৯ ১৯:৪৫ Asia/Dhaka
  • সোপেরে গ্রেনেড হামলায় আহত এক নারী
    সোপেরে গ্রেনেড হামলায় আহত এক নারী

আগামীকাল (মঙ্গলবার) ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের জম্মু-কাশ্মীর সফরের কথা রয়েছে। কিন্তু তার আগেই আজ বিকেলে সোপোরের একটি বাসস্ট্যান্ডে অজ্ঞাত গেরিলারা গ্রেনেড নিক্ষেপ করলে ১৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছে।  

আজ (সোমবার) বিকেলের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কর্মকর্তারা বলছেন, আহতদের কয়েকজনকে শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলটিকে ঘিরে রেখেছে এবং হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। এখনও পর্যন্ত অবশ্য কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

কাশ্মির পুলিশ বলেছে, সন্ত্রাসীরা সোপোরের বাসস্ট্যান্ডে একটি গ্রেনেড নিক্ষেপ করেছিল যাতে ছয়জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।

ইউরোপীয় পার্লামেন্টের  প্রতিনিধিদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে সাক্ষাৎ করেন

গত ২৬ অক্টোবর শ্রীনগরের করণনগর এলাকায় নিরাপত্তারক্ষীদের টার্গেট করে গ্রেনেড হামলা চালিয়েছিল অজ্ঞাত গেরিলারা। এরফলে ছ’জন নিরাপত্তারক্ষী আহত হন। আজ সেই একইভাবে গেরিলারা এদিন বারামুল্লা জেলার সোপোরে গ্রেনেড হামলা চালায়। 

আগামীকাল (মঙ্গলবার) ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের জম্মু-কাশ্মীর সফরের কর্মসূচি রয়েছে। আজ নয়াদিল্লিতে ইউরোপীয় পার্লামেন্টের ২৮ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে সাক্ষাৎ করে কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

পার্সটুডে/এমএএইচ/এআর/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।