কাশ্মীরে পশ্চিমবঙ্গে ৫ শ্রমিক নিহত: ২ মন্ত্রীর প্রতিক্রিয়া
-
নিহতদের জানাজা
ভারতের পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, কাশ্মীরে বাংলার যে ৫টি ছেলে নিহত হয়েছে, সে সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাব দিতে হবে। তিনি আজ (বৃহস্পতিবার) মুর্শিদাবাদে ওই মন্তব্য করেন।
গত (মঙ্গলবার) রাতে কাশ্মীরের কুলগামের কাতরাসু গ্রামে একটি বাড়িতে ঢুকে অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিবর্ষণের ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির বহালনগরের ৫ শ্রমিক নিহত হয়। সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছে বলে জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে।
রাজ্যের মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম আজ নিহতদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।
এ সম্পর্কে আজ পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘যেহেতু প্রধানমন্ত্রী খুব বেশি বিদেশে ঘোরেন, সেজন্য ইউরোপীয় ইউনিয়নের এমপিদের নিয়ে এসে ঘোরানোটাই তাঁর কাছে কাশ্মীরে শান্তি ফিরে আসা! বাংলার যে পাঁচটা ছেলে হত্যা হল, বাংলার পাঁচটা মায়ের কোল খালি হল তার জবাব কেন স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন না?’
তিনি বলেন, ‘৩৭০ ধারা বাতিল করে লাভটা কী হল? কাশ্মীরে কেন আবার সন্ত্রাসীদের হামলা হল? কেন হত্যার ঘটনা ঘটল? কেন আজকে সাধারণ মানুষ কাশ্মীরে যেতে ভয় পাবে? তাঁদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? ওঁরা বড় বড় কথা বলেন। কেন্দ্রীয় সরকার কেন আজ নীরব হয়ে রয়েছে? আজকে যে হত্যা হল, আমাদের যে পাঁচটা ছেলে মারা গেল, এর দায়িত্ব কার? এর জবাব দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।’
এদিকে, আজ রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের বহালনগর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন।
এ সম্পর্কে শুভেন্দু অধিকারী বলেন, ‘ওঁরা খুবই গরীব পরিবার, চোখে দেখা যায় না। ওই হত্যার ঘটনার নিন্দা করার কোনও ভাষা নেই। জেলার জনপ্রতিনিধিরা এক মাসের বেতন ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করেছেন। সবাই মিলে আমরা পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি।’
শুভেন্দু বাবু বলেন, ‘আমরা তদন্ত চাই। কারণ কাশ্মীর কেন্দ্রীয় সরকারের অধীনে আছে। কেন্দ্র শাসিত এলাকা। পুরোপুরি ভারত সরকার নিয়ন্ত্রণ করছে। এই গরীব মানুষগুলোকে কারা হত্যা করল এর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন আছে।’
কেন তাঁদেরকে হত্যা করা হল তার তদন্ত হওয়া উচিত এবং এ সম্পর্কে কেন্দ্রীয় সরকারের বিবৃতি দেওয়া উচিত বলেও পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।