‘আর কত দিন মায়েদের কাছ থেকে সন্তানদের আলাদা করে রাখবেন?’
-
ইলতিজা মুফতি ও মেহবুবা মুফতি
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেছেন, ‘আর কত দিন মায়েদের কাছ থেকে সন্তানদের আলাদা করে রাখবেন?’ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় তিনি ওই প্রশ্ন করেন।
৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে মেহবুবা মুফতি আটক থাকায় ইলতিজা তাঁর টুইটার ব্যবহার করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মায়ের সাক্ষাতের ছবি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ্যে আসায় সেই ছবি টুইট করে ইলতিজা মুফতি বলেছেন, ‘ছবিটা মন ভরানোর মতো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, তিন মাস আপনি আমার মা এবং আরও কয়েক হাজার রাজনীতিবিদ, নাগরিক সমাজের সদস্যদের, নাবালক ছেলেদের আটকে রেখেছেন। আর কত দিন মায়েদের থেকে সন্তানদের আলাদা করে রাখবেন?’
গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে সেরাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করে দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। উদ্ভূত পরিস্থিতিতে সেখানকার সাবেক তিন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ডা. ফারুক আব্দুল্লাহ ও ওমর আব্দুল্লাহকে আটক করে রাখা হয়েছে। এছাড়া কয়েক হাজার মানুষকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেফতার করা হয়। বেশ কিছু মানুষকে রাজ্যের সীমানা পেরিয়ে ভিন রাজ্যের কারাগারেও স্থানান্তর করা হয়েছে। রাজ্যটিতে বিধিনিষেধ কিছুটা শিথিল হলেও জনজীবন এখনো স্বাভাবিক নয়। কিছু ক্ষেত্রে ল্যান্ডলাইন ফোন ও পোস্ট পেইড মোবাইল সচল হলেও একটানা তিন মাস ধরে ইন্টারনেট বন্ধ থাকায় সরকারি-বেসরকারি দফতর, হাসপাতাল, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।