কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় নিহত ১, আহত ২০
-
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের একটি সবজির বাজারে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় এক বেসামরিক ব্যক্তি নিহত এবং আধাসামরিক বাহিনী এসএসবি’র ৩ জওয়ানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
জম্মু-কাশ্মীর পুলিশ বলছে, সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় রিঙ্কু সিং নামে সাহারানপুরের এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া ৩ এসএসবি জওয়ান ও ১৫ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় আইজাজ এবং ফাইয়াজ আহমেদ নামে দু’জন গুরুতর আহত হয়েছেন।
আজ (সোমবার) দুপুরে শ্রীনগরের হরি সিংহ হাই স্ট্রিটের বাজারে গ্রেনেড বিস্ফোরণ হলে হতাহতের ঘটনা ঘটে। এদিন দুপুরে ওই হামলার পরে এলাকার সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। হামলার পরে আতঙ্কিত হয়ে পড়েন শ্রীনগরের বাসিন্দারা। ওই ঘটনার পর থেকেই গোটা এলাকা ঘিরে ফেলে সেনা ও পুলিশ হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
উত্তর কাশ্মীরের সোপোরে এক সপ্তাহ আগে গেরিলাদের গ্রেনেড নিক্ষেপের ফলে দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। আজ গ্রেনেড হামলায় আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সংবাদসংস্থা সূত্রে প্রকাশ, আজ বেলা দেড়টার দিকে ওই গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। জম্মু-কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে এটি ছিল তৃতীয় গ্রেনেড হামলা। গত সপ্তাহে গেরিলারা গ্রেনেড নিক্ষেপ করে সোপোরের একটি বাস স্ট্যান্ডে আক্রমণ করেছিল। এতে ১৫ জন আহত হয়েছিলেন। একইভাবে গত ২৬ অক্টোবর গ্রেনেড নিক্ষেপ করে আক্রমণ করা হয়। এদিন আধাসামরিক বাহিনী সিআরপিএফ দল গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় গেরিলারা গ্রেনেড নিক্ষেপ করে আক্রমণ করলে ৬ জওয়ান আহত হয়েছিলেন।
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার পর থেকে সেখানে নিরাপত্তা বাহিনী উচ্চসতর্ক অবস্থায় রয়েছে। সম্প্রতি রাজ্যটি জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত দু’টি অঞ্চলে বিভক্ত হয়েছে। সরকারি কর্তৃপক্ষ বার বার সেখানকার পরিস্থিতি স্বাভাবিক বলে জানালেও বাস্তব পরিস্থিতি ভিন্ন বলে ওয়াকিবহাল মহল মনে করছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।