‘বিধিনিষেধ’ প্রসঙ্গে সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে: কাশ্মীর প্রশাসনকে সুপ্রিম কোর্ট
https://parstoday.ir/bn/news/india-i75394-বিধিনিষেধ’_প্রসঙ্গে_সমস্ত_প্রশ্নের_জবাব_দিতে_হবে_কাশ্মীর_প্রশাসনকে_সুপ্রিম_কোর্ট
জম্মু-কাশ্মীরে ‘বিধিনিষেধ’ প্রসঙ্গে ওঠা সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে বলে রাজ্য প্রশাসনকে জানিয়ে দিল ভারতের সুপ্রিম কোর্ট। রাজ্যটিতে আরোপিত বিভিন্ন বিধিনিষেধকে চ্যালেঞ্জ করে আদালতে যেসব আবেদন জমা পড়েছে, সেই প্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) ওই নির্দেশ দেওয়া হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২১, ২০১৯ ১৬:৪৮ Asia/Dhaka
  • ভারতের সুপ্রিম কোর্ট
    ভারতের সুপ্রিম কোর্ট

জম্মু-কাশ্মীরে ‘বিধিনিষেধ’ প্রসঙ্গে ওঠা সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে বলে রাজ্য প্রশাসনকে জানিয়ে দিল ভারতের সুপ্রিম কোর্ট। রাজ্যটিতে আরোপিত বিভিন্ন বিধিনিষেধকে চ্যালেঞ্জ করে আদালতে যেসব আবেদন জমা পড়েছে, সেই প্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) ওই নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এন ভি রমনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতি সমন্বিত বেঞ্চ জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে আদালতে উপস্থিত হওয়া সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলেন, আবেদনকারীরা বিধিনিষেধগুলোকে চ্যালেঞ্জ করে বিস্তারিত প্রশ্ন তুলেছেন এবং তাঁকে উত্থাপিত সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে।

বিচাপতি এন ভি রমন, আর সুভাষ রেড্ডি ও বি আর গভাইকে নিয়ে গঠিত বেঞ্চ আজ জানায় ‘মিস্টার মেহতা, আবেদনকারীদের বিস্তারিত সওয়ালে যেসব প্রশ্ন উঠে এসেছে সেসম্পর্কে আপনাকে সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে।

আদালত বলেছে, আপনার পেশ করা হলফনামা আমাদের কোনও সিদ্ধান্তে আসতে সহায়তা করেনি। এমন কিছু করবেন না যাতে আমাদের মনে হয় এই মামলার বিষয়ে আপনি যথেষ্ট মনোযোগ দেননি।

আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, আবেদনকারীদের বেশিরভাগ যুক্তিই ‘ভুল’। তিনি যখন আদালতে সাফাই দেবেন সেই সময় তিনি প্রতিটি বিষয়েই উত্তর দেবেন।

সলিসিটর জেনারেল বলেন, তাঁর কাছে রাজ্যের একটি স্ট্যাটাস রিপোর্ট রয়েছে কিন্তু তা আদালতে দাখিল করেননি। কারণ, রাজ্যের পরিস্থিতি প্রতিদিন পরিবর্তন হচ্ছে। যখন ওই বিষয়ে আদালতে সাফাই দেবেন, তখন তিনি সঠিক স্থিতি প্রতিবেদন পেশ করবেন বলেও তুষার মেহতা জানান।

ভারতের কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করার পর থেকে সেখানে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রকার বিধিনিষেধ কার্যকর করা হয়। এরফলে সেখানকার মানুষজন ব্যাপক দুর্ভোগে পড়েছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে রাজ্যটি থেকে বেশিরভাগ বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্য সভায় জানিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।