কাশ্মীর নিয়ে অমিত শাহ'র বিবৃতিকে 'ভণ্ডামি' বলল ন্যাশনাল কনফারেন্স
https://parstoday.ir/bn/news/india-i75397-কাশ্মীর_নিয়ে_অমিত_শাহ'র_বিবৃতিকে_'ভণ্ডামি'_বলল_ন্যাশনাল_কনফারেন্স
জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র মন্তব্য এবং ডা. ফারুক আব্দুল্লাহকে সংসদ অধিবেশনে অংশগ্রহণ করার অনুমতি দেওয়ার দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডির মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ন্যাশনাল কনফারেন্স।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২১, ২০১৯ ১৭:২৬ Asia/Dhaka
  • স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র মন্তব্য এবং ডা. ফারুক আব্দুল্লাহকে সংসদ অধিবেশনে অংশগ্রহণ করার অনুমতি দেওয়ার দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডির মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ন্যাশনাল কনফারেন্স।

সংসদের চলতি অধিবেশনে ন্যাশনাল কনফারেন্স প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ এমপিকে অংশগ্রহণ করার অনুমতি দেওয়ার বিরোধীদের দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডির মন্তব্যকে 'দুর্ভাগ্যজনক' উল্লেখ করে একে 'ক্ষুদ্র মানসিকতা ও ভণ্ডামি' বলে অভিহিত করেছে ন্যাশনাল কনফারেন্স।    

গতকাল (বুধবার) সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জি কিশান রেড্ডি বলেন, কংগ্রেস শাসনামলে তারা জরুরি অবস্থার সময়ে ৩৬ এমপিকে আটক করে রেখেছিল। তিনি বলেন, এখন তো কেবল ৬০৯ জন কারাগারে আছে। অন্যদের মুক্তি দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট (৩৭০ ধারা বাতিল) ৫ হাজার ১৬১ জনকে গ্রেফতার করা হয়েছিল।  

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ন্যাশনাল কনফারেন্সের এক মুখপাত্র বলেছেন, রাজনৈতিক নেতাদের আটকের ওই তুলনা ও ন্যায্যতা হাস্যকর! এটি কেবল হাস্যকর নয় কারণ জরুরি অবস্থার বিরোধিতা করার ক্ষেত্রে বিজেপি সবচেয়ে বেশি এগিয়ে ছিল কিন্তু তা কাশ্মীর পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন দলের মধ্যে থাকা দ্বন্দ্বকেও প্রকাশ করছে। রেড্ডির মন্তব্যে এটার স্বীকৃতি যে জম্মু-কাশ্মীর ‘জরুরি অবস্থার’ খারাপ সময়ের মধ্য দিয়ে চলছে।

জি কিশান রেড্ডি

ন্যাশনাল কনফারেন্স মুখপাত্র বলেন, বিগত ৭০ বছর ধরে দেশের গণতান্ত্রিক উচ্চ মূল্যবোধকে সমুন্নত রাখতে ত্যাগ স্বীকারকারী গণতান্ত্রিক জনগণের পক্ষে এটি উদ্বেগের বিষয়! এ জাতীয় বক্তব্য ভারতের মতাদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে।

ন্যাশনাল কনফারেন্স মুখপাত্র বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি তাঁর নিজের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র বক্তব্যের বিরোধিতা করছে, যিনি বলছেন যে জম্মু-কাশ্মীরে পরিস্থিতি ‘স্বাভাবিক’ রয়েছে।তাঁর প্রশ্ন- পরিস্থিতি যদি ‘স্বাভাবিক’ থাকে তাহলে মিডিয়াতে কেন বাধা রয়েছে? কেন রাজনৈতিক নেতাদের আটক রাখা হয়েছে?

অন্যদিকে, পিডিপি’র মুখপাত্র ফিরদৌস আহমদ তাক এক বিবৃতিতে বলেছেন, ভারতীয় জনতা পার্টি বিশেষ করে কাশ্মীরের ক্ষেত্রে দ্বিমুখী কথা শিল্পে দক্ষতা অর্জন করেছে। বাগাড়ম্বর করার পরিবর্তে কর্তৃপক্ষকে অবিলম্বে রাজনৈতিক নেতৃবৃন্দসহ অবৈধভাবে আটককৃতদের মুক্তি দিতে হবে।

জম্মু-কাশ্মীরে শিগগিরি রাজনৈতিক কার্যক্রম শুরু করার বিষয়ে বিজেপি নেতা রাম মাধবের বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করে পিডিপি বলেছে, যে দলটি নিজেদের অহংকে সন্তুষ্ট করতে গোটা সাংবিধানিক ব্যবস্থাকে পদদলিত করেছে, তাদের সাংবিধানিক  অধিকার বজায় রাখার বিষয়ে কথা বলার কোনও নৈতিক অধিকার নেই।

গতকাল (বুধবার) সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বিবৃতিতে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মন্তব্য করে বলেন, স্থানীয় প্রশাসন নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে সেখানে ইন্টারনেট পুনরুদ্ধারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এরপরেই তাঁর মন্তব্য সম্পর্কে বিভিন্নমহল থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।