শ্রীনগরে বিধায়ক হোস্টেলে তল্লাশি, আটক নেতাদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার
https://parstoday.ir/bn/news/india-i75456-শ্রীনগরে_বিধায়ক_হোস্টেলে_তল্লাশি_আটক_নেতাদের_কাছ_থেকে_মোবাইল_ফোন_উদ্ধার
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে বিধায়ক হোস্টেলে তল্লাশি চালিয়ে সেখানে আটক নেতাদের কাছ থেকে পুলিশ ১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে। আটক বন্দিরা মোবাইল ফোন ব্যবহার করছেন এমন তথ্যের ভিত্তিতে গতকাল (শনিবার) পুলিশ বিধায়ক হোস্টেলে তল্লাশি চালালে আটক নেতাদের কাছ থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। ওই ঘটনায় বিধায়ক হোস্টেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২৪, ২০১৯ ১৫:০৭ Asia/Dhaka
  • বিধায়ক হোস্টেল, শ্রীনগর।
    বিধায়ক হোস্টেল, শ্রীনগর।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে বিধায়ক হোস্টেলে তল্লাশি চালিয়ে সেখানে আটক নেতাদের কাছ থেকে পুলিশ ১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে। আটক বন্দিরা মোবাইল ফোন ব্যবহার করছেন এমন তথ্যের ভিত্তিতে গতকাল (শনিবার) পুলিশ বিধায়ক হোস্টেলে তল্লাশি চালালে আটক নেতাদের কাছ থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। ওই ঘটনায় বিধায়ক হোস্টেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গত ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীর থেকে সেরাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করে দেওয়ার পরে সেখানে বিভিন্ন বিধিনিষেধ আরোপের পাশাপাশি রাজনৈতিক নেতাদের গৃহবন্দি অথবা আটক করা হয়েছে। এসময় বেশ কিছু নেতাকে সেন্টুর হোটেলে গৃহবন্দি রাখা হয়।

গত (রবিবার) ৩৪ জন নেতাকে সেন্টুর হোটেল থেকে বিধায়ক হোস্টেলে স্থানান্তরিত করা হয়। এসময়ে বিধায়ক হোস্টেলকে অস্থায়ী কারাগার ঘোষণা করা হয়। কারাগারের বিধি অনুযায়ী, এখানে থাকা লোকেরা মোবাইল ব্যবহার করতে পারবেন না।

প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে খবর আসে বিধায়ক হোস্টেলে আটক নেতাদের পক্ষ থেকে মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে। ওই তথ্যকে গুরুত্ব দিয়ে শনিবার সেখানকার প্রত্যেক ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ প্রশাসন ১২টি মোবাইল ফোন উদ্ধার করে।

গণমাধ্যম সূত্রে প্রকাশ, বেশিরভাগ মোবাইল ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতাদের কাছ থেকে পাওয়া গেছে। এরমধ্যে রয়েছেন সাবেক এনসি নেতা আলতাফ কাল্লু,  সালমান সাগর ও আকবর লোনের ছেলে। এ বিষয়ে পুলিশ কোনও মন্তব্য করেনি। যদিও মোবাইল ফোন উদ্ধার হওয়ার পরে ওই বিধায়ক হোস্টেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের পরে, সেন্টুর হোটেলে ৩ মাসেরও বেশি সময় ধরে ৩৪ জন রাজনৈতিক নেতাকে গৃহবন্দি রাখা হয়েছিল। গত ১৭ নভেম্বর তাঁদেরকে বিধায়ক হোস্টেলে স্থানান্তরিত করা হয়।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের স্বরাষ্ট্র দপ্তরের তরফে এক নির্দেশিকা জারি করে মাওলানা আজাদ রোডের বিধায়ক হোস্টেলকে কারাগার হিসাবে ঘোষণা করা হয়েছে। এখানেই ন্যাশনাল কনফারেন্স, পিপলস কনফারেন্স, পিডিপি’র শীর্ষ রাজনীতিকরা বন্দি রয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।