কাশ্মীর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান: উদ্বিগ্ন সুইডেন
https://parstoday.ir/bn/news/india-i75554-কাশ্মীর_থেকে_নিষেধাজ্ঞা_প্রত্যাহারের_আহ্বান_উদ্বিগ্ন_সুইডেন
কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুইডিশ সংসদে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে বলেছেন, উপত্যকা থেকে ভারত অবিলম্বে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক। একইসঙ্গে ভারত যেন কাশ্মীরের বাসিন্দাদের সঙ্গে নিয়েই উপত্যকায় দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করে। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় ‘রাজনৈতিক সমাধান’ সন্ধানের উপরে জোর দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৯, ২০১৯ ১৩:১৮ Asia/Dhaka
  • পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে
    পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে

কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুইডিশ সংসদে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে বলেছেন, উপত্যকা থেকে ভারত অবিলম্বে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক। একইসঙ্গে ভারত যেন কাশ্মীরের বাসিন্দাদের সঙ্গে নিয়েই উপত্যকায় দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করে। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় ‘রাজনৈতিক সমাধান’ সন্ধানের উপরে জোর দিয়েছেন।

গত ৫ আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার সেরাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা প্রত্যাহার করার পর থেকে সেখানে বিভিন্ন প্রকার বিধিনিষেধ কার্যকর করা হয়।

গত (বুধবার) সংসদে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে এক প্রশ্নের জবাবে বলেন, ‘কাশ্মীরের পরিস্থিতি ‘উদ্বেগজনক’ এবং সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সুইডেন এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই ওই ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ করেছে। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি সুইডেনও জম্মু-কাশ্মীরে সাংবিধানিক পরিবর্তন, সেখানকার ঘটনাবলী এবং মানবাধিকারের উপরে এসবের প্রভাব পর্যবেক্ষণ করছে।

১ ডিসেম্বর থেকে ৬ দিনের ভারত সফরে আসছেন সে দেশের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ ও রানি সিলভিয়া। রাজা-রানীর প্রতিনিধি দলে থাকবেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডেও। ওই সফরের আগেই সংসদে অ্যান লিন্ডের বক্তব্যে বেশ অস্বস্তিতে পড়েছে ভারতের কেন্দ্রীয় নরেন্দ্র মোদি  সরকার।

নয়াদিল্লি অবশ্য এ নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেনি। এরআগে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী  পেক্কা হাভিস্তো-ও ভারত সফরে এসে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

কাশ্মীরে চলমান বিধিনিষেধ অপসারণের আবেদন করে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে বলেছেন, ‘সুইডেন এবং ইউরোপীয় ইউনিয়ন ভারত সরকারকে জম্মু-কাশ্মীর থেকে বিদ্যমান বিধিনিষেধ অপসারণের জন্য আবেদন করেছে।’ সেখানে অবাধে চলাচল ও যোগাযোগের সুযোগ পুনরুদ্ধার করা খুব গুরুত্বপূর্ণ বলেও সুইডেন মন্তব্য করেছে।

সুইডেন হল ওই সকল দেশের মধ্যে অন্যতম যারা জাতিসংঘের নির্দেশনা অনুসারে ১৯৪৯ সাল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি তদারকি করছে। বর্তমানে প্রায় ৪০ জন সামরিক পর্যবেক্ষকের মধ্যে ৫ জনই সুইডেনের। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৯