নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বাংলায় বিক্ষোভ-আন্দোলন চলছেই, বন্ধ ইন্টারনেট
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে বাংলায় প্রতিবাদ আন্দোলন অব্যাহত রয়েছে। আজ (রোববার) সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ জানান।
এদিকে, গত তিনদিন ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতিতে প্রকাশ ‘বারবার নিষেধ সত্ত্বেও বহিরাগতদের উসকানিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাণ্ডব চলছে। সাম্প্রদায়িক শক্তির উসকানিতে হিংসার চক্রান্ত চলছে। সেই পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই মালদহ, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনার বারাসত ও বসিরহাট মহকুমা, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ও বারুইপুর মহকুমার অশান্ত এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে ইন্টারনেট পরিসেবা।’
আজ উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ, আমডাঙা ও দেগঙ্গার কয়েকটি এলাকায় প্রতিবাদী জনতা বিক্ষোভ প্রদর্শন করে। আমডাঙায় ধানকল মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। এসময় সড়ক অবরোধ করে চড়ুইভাতির আয়োজন করে আন্দোলনকারীরা। সোনাডাঙা মোড়েও অবরোধ করা হয়। ৩৫ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে অবরোধ করলে যানজট সৃষ্টি হয়। টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয় দেগঙ্গাতেও। ভ্যাবলায় ট্রেন অবরোধ করেন বিক্ষোভকারীরা। খড়দহে কল্যাণী একপ্রেসওয়ে অবরোধ করা হয়। দেগঙ্গার জীবনপুরে বেড়াচাঁপা-পৃথিবা রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়।
আজ মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের ভালুকা রোড স্টেশনে রেল অবরোধ হয়। এসময় বিক্ষোভকারীরা রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
আজ উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ শহরে তৃণমূলের ‘বনগাঁ মহকুমা অসংগঠিত শ্রমিক ইউনিয়ন’-এর পক্ষ থেকে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি বিরোধী ধিক্কার মিছিল হয়। এসময় মিছিল থেকে ‘শান্ত ভারতকে অশান্ত করার চক্রান্তকারী বিজেপি হুঁশিয়ার’, ‘বিজেপি হঠাও দেশ বাঁচাও’, ‘মোদি হঠাও, দেশ বাঁচাও’ ‘এনআরসি মানছি না, মানবো না’ স্লোগান দেওয়া হয়। প্রতিবাদ মিছিলের অন্যতম আয়োজক ও সংগঠনের কর্মকর্তা নারায়ণ ঘোষ বলেন, ‘সারা ভারতকে অশান্ত করার জন্য মোদি সরকার সাধারণ নাগরিকদের বিরুদ্ধাচরণ করছে সেজন্য আমরা রাস্তায় নেমেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ার নির্দেশে রাজ্যে আমরা এনআরসি হতে দেবো না। আমরা এনআরসির বিরুদ্ধে।’
এদিকে, আজ তৃণমূলের পক্ষ থেকে হুগলী জেলার চুঁচুড়ার খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত প্রায় ৪ কিমি সড়ক জুড়ে মিছিল করা হয়। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ওই মিছিলের নেতৃত্ব দেন। নাগরিকপঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধেই এই মিছিল বলে অসিত বাবু জানান।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৪
বাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।