কাশ্মীরে দু’দিনে ৯ রাজনৈতিক নেতাকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি
https://parstoday.ir/bn/news/india-i76769-কাশ্মীরে_দু’দিনে_৯_রাজনৈতিক_নেতাকে_গৃহবন্দি_অবস্থা_থেকে_মুক্তি
জম্মু-কাশ্মীরে দুই দিনে ৯ রাজনৈতিক নেতাকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ৫ নেতাকে মুক্তি দেওয়া হয়েছিল। আজ (শুক্রবার) আরও ৪ নেতাকে মুক্তি দেওয়া হয়েছে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
জানুয়ারি ১৭, ২০২০ ১৬:০৫ Asia/Dhaka
  • কাশ্মীরে দু’দিনে ৯ রাজনৈতিক নেতাকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি

জম্মু-কাশ্মীরে দুই দিনে ৯ রাজনৈতিক নেতাকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ৫ নেতাকে মুক্তি দেওয়া হয়েছিল। আজ (শুক্রবার) আরও ৪ নেতাকে মুক্তি দেওয়া হয়েছে।

জম্মু-কাশ্মীরে গতবছর ৫ আগস্ট সেরাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করার পাঁচমাস পরে প্রশাসন কাশ্মীরে গৃহবন্দি থাকা নেতাদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। যদিও রাজ্যের সাবেক তিন মুখ্যমন্ত্রীকে এখনও মুক্তি দেওয়া হয়নি।

আজ যে নেতাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, পিপলস কনফারেন্স এবং কংগ্রেসের একজন করে নেতা রয়েছেন। শুক্রবার দুপুরে মুক্তিপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন পিডিপি নেতা আবদুল হক খান, কংগ্রেস নেতা হাজী আবদুল রশিদ, ন্যাশনাল কনফারেন্স নেতা নাজির আহমেদ গুরেজি এবং পিপলস কনফারেন্সের নেতা মুহাম্মাদ আব্বাস  ওয়ানী।

গতকাল বৃহস্পতিবার দু'জন সাবেক বিধায়কসহ পাঁচ নেতাকে মুক্তি দিয়েছে প্রশাসন। এই নেতাদের গতবছর ৫ আগস্ট আটক করা হয়েছিল। মুক্তিপ্রাপ্তরা হলেন, আলতাফ আহমেদ কালু, সালমান সাগর, শওকত গণাই, নিজামুদ্দিন ভাট এবং মুখতার বাবা। যদিও এখনও বিধায়ক হোস্টেলে কমপক্ষে ২১ নেতা আটক রয়েছেন।

এছাড়া রাজ্যের সাবেক তিন মুখ্যমন্ত্রী ডাঃ ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি ছাড়াও পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ গণি লোন এবং জম্মু-কাশ্মীর পিপলস মুভমেন্ট নেতা শাহ ফয়সাল বন্দি রয়েছেন। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৭