ট্রাম্পকে বলিউডের ভিলেন ‘মোগাম্বো’র সঙ্গে তুলনা করলেন অধীর চৌধুরী
https://parstoday.ir/bn/news/india-i77677-ট্রাম্পকে_বলিউডের_ভিলেন_মোগাম্বো’র_সঙ্গে_তুলনা_করলেন_অধীর_চৌধুরী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বলিউড চলচ্চিত্রের বিখ্যাত ভিলেন 'মোগাম্বো'র সাথে তুলনা করে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেছেন। অধীর বাবু বলেন, মনে হচ্ছে 'মোগাম্বো'কে খুশি করার জন্য আমরা সব কিছু করতে পারি! সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন।
(last modified 2026-06-16T05:39:17+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ০৯:১৯ Asia/Dhaka
  • অধীর রঞ্জন চৌধুরী এমপি
    অধীর রঞ্জন চৌধুরী এমপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বলিউড চলচ্চিত্রের বিখ্যাত ভিলেন 'মোগাম্বো'র সাথে তুলনা করে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেছেন। অধীর বাবু বলেন, মনে হচ্ছে 'মোগাম্বো'কে খুশি করার জন্য আমরা সব কিছু করতে পারি! সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন।

১৯৮৭ সালের ‘মিস্টার ইন্ডিয়া’ চলচিত্রের ভিলেনের নাম ছিল ‘মোগাম্বো’। হিন্দি ছবির হাড়হিম করা খলনায়ক অমরেশ পুরী মোগাম্বোর চরিত্রে অভিনয় করেছিলেন। 'মোগাম্বো খুশ হুয়া!' এই একটা সংলাপ বললে আজও সিনেপ্রেমীরা বুঝে নেন কোন অভিনেতার কথা বলা হচ্ছে।

আজ (রোববার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিপুল অর্থব্যয় সম্পর্কে প্রশ্ন তুলে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন,  'সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা ব্যয় করার কী দরকার? ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বস্তিতে বসবাসকারী লোকদের লুকিয়ে রাখতে হচ্ছে বা তাদের অন্যত্র সরিয়ে দিতে হচ্ছে। এটা কী সঠিক আচরণ?’  

অধীর বাবু বলেন, ‘এসব কী হচ্ছে? লাখ লাখ লোকেদের ওই সভায় শামিল করার কারণ কী? এতে আমাদের কী লাভ হবে? এজন্য আমাদের সরকারি কোষাগার থেকে কেন কোটি কোটি টাকা খরচ করতে হবে? কেন বস্তিবাসীদের উচ্ছেদ করতে হবে? ট্রাম্পকে খুশি করার জন্য আমাদের দেশবাসীর বিরুদ্ধে এ ধরণের আচরণ করা কী ঠিক? মোদিজী গুজরাটে যে উন্নয়ন করেছিলেন তাকে মডেল হিসেবে পেশ করা হয়। কিন্তু সেই মডেল রাজ্যে গরীবদের ওপরে কীধরণের অত্যাচার হচ্ছে! আপনারা   নিজেরাই তা দেখছেন। কেননা ট্রাম্প সাহেবকে খুশি করতে হবে। এমন মনে হচ্ছে যে ‘মোগাম্বো’কে খুশি করার জন্য আমরা (কেন্দ্রীয় সরকার) সবকিছু করতে পারি!’ 

‘এসব চলবে না। আমরা এর বিরোধিতা করব’ বলেও অধীর চৌধুরী এমপি মন্তব্য করেছেন।

ডোনাল্ড ট্রাম্প

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্পের সম্মানে আগামী ২৫ পেব্রুয়ারি ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের দেওয়া নৈশভোজে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী আমন্ত্রিত না হওয়ায় ওই নৈশভোজ বয়কটের ঘোষণা দিয়েছেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। বিষয়টি অপমানকর বলে অভিহিত করে ওই নৈশভোজ বয়কট করা ছাড়া কোনও উপায় নেই বলেও তিনি মন্তব্য করেছেন।

আগামী ২৪ ফেব্রুয়ারি দু’দিনের জন্য সপরিবারে ভারতে সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুজরাটের মোতেরা স্টেডিয়ামে তাঁকে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে স্বাগত জানানোর কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। এজন্য কমপক্ষে ১৩০ কোটি টাকা ব্যয় হবে অনুমান করে বিভিন্নমহল থেকে তার সমালোচনা করা হচ্ছে।#

    

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।