দিল্লিতে ‘সিএএ’ নিয়ে বিক্ষোভের জেরে নিহত ১ পুলিশ, ১৪৪ ধারা জারি
https://parstoday.ir/bn/news/india-i77717-দিল্লিতে_সিএএ’_নিয়ে_বিক্ষোভের_জেরে_নিহত_১_পুলিশ_১৪৪_ধারা_জারি
ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে রতন লাল নামের এক হেড কনস্টেবলের মৃত্যু হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যে ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
(last modified 2026-06-16T05:39:17+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ১৫:৫৭ Asia/Dhaka
  • দিল্লিতে ‘সিএএ’ নিয়ে বিক্ষোভের জেরে নিহত ১ পুলিশ, ১৪৪ ধারা জারি

ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে রতন লাল নামের এক হেড কনস্টেবলের মৃত্যু হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যে ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

আজ (সোমবার) রাজধানীর উত্তর-পূর্বে জাফরাবাদের গোকুলপুরি, মৌজপুর ও ভজনপুরা এলাকায় বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্ঘর্ষ বাঁধে। এসময় একাধিক পুলিশকর্মী গুরুতর আহত হলে তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে দিল্লি পুলিশ উত্তর-পূর্ব দিল্লির দশটি অঞ্চলে ১৪৪ ধারা জারি করেছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজওরিওয়াল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে শান্তি ও সম্প্রীতির স্বার্থে আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। কাউকে পরিবেশ নষ্ট করতে দেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছেন।

দিল্লি পুলিশের অভিযোগ, সিএএ বিরোধী আন্দোলন চলাকালীন পরিস্থিতি আচমকাই হিংসাত্মক মোড় নেয়। একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়  বিক্ষোভকারীরা। আগুন ধরানো হয় বেশ কিছু দোকানেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে সঙ্ঘর্ষ বাঁধে পুলিশের। তাতেই এক কনস্টেবলের মৃত্যু হয়।

আজ বিক্ষোভকারীরা উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ ও মৌজপুর অঞ্চলে কমপক্ষে দু’টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীদের হামলায় দমকলের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় সিএএ বিরোধী ও সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করাসহ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিরাপত্তাজনিত কারণে দিল্লির জাফরাবাদ, মৌজপুর-বাবরপুর, গোকুলপুরী, জোহরি এনক্লেভ এবং শিববিহার মেট্রো স্টেশনে প্রবেশ ও প্রস্থানের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বিকেলে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করলে তিনি অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানোর আশ্বাস দিয়েছেন। কেজরিওয়াল সবাইকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন। লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াসহ অন্যরা দিল্লিতে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।#

পার্সটুডে এমএএইচ/ এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।