ট্যাংক-বিমানের দিন শেষ, যুদ্ধে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই দেবে বিজয়: ভারতীয় সেনাপ্রধান
-
দ্বিতীয় মহাযুদ্ধের একটি দৃশ্য
ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে বলেছেন, ভবিষ্যতের যুদ্ধে বিশাল ট্যাংক এবং যুদ্ধ বিমান ব্যবহারের দিন শেষ হয়ে গেছে। সংখ্যার জোরে নয় বরং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই যুদ্ধ বিজয়ের কারণ হয়ে উঠবে।
তিনি বলেন, বিংশ শতাব্দীর যুদ্ধের প্রতীক হিসেবে বিবেচিত বিশাল বিশাল ট্যাংক এবং যুদ্ধবিমান এখন বাতিল হয়ে যাওয়ার পথে রয়েছে। প্রযুক্তিই অসম শক্তিগুলোর মধ্যে সমতা আনবে এবং সে দিকেই বিশ্ব এগিয়ে চলেছে বলেও ধারণা ব্যক্ত করেন তিনি।
আগামী যুদ্ধে সৈন্য সংখ্যার সমতা বিজয় ডেকে আনবে না বরং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই বিজয়ের কারণ হয়ে দেখা দেবে বলে জানান ভারতীয় সেনাপ্রধান। সহজলভ্য প্রযুক্তি ভারতীয় সেনাবাহিনী গ্রহণ করছে এবং তা সেনাবাহিনীর মধ্যে দ্রুতগতিতে ছড়িয়ে দিচ্ছে বলেও জানান তিনি।
মনোজ মুকুন্দ আরও জানান, ভারতীয় সেনাবাহিনীর মহাকাশ, সাইবার এবং ইলেক্ট্রনিক যুদ্ধের সক্ষমতা বাড়ানো তৎপরতা চলছে। এ ছাড়া, ব্লকচেইন নামে পরিচিত তথ্য সংরক্ষণ করার নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি, লেজার এবং শক্তি চালিত অস্ত্রের সামরিক ক্ষেত্রে ব্যবহারের বিষয়গুলো ভারতীয় সেনাবাহিনী খতিয়ে দেখছে বলেও জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।