কোলকাতায় ভাতের দাবিতে হাঁড়ি মাথায় নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল
https://parstoday.ir/bn/news/india-i78098-কোলকাতায়_ভাতের_দাবিতে_হাঁড়ি_মাথায়_নিয়ে_তৃণমূল_মহিলা_কংগ্রেসের_মিছিল
ভারতে অর্থনৈতিক মন্দা, এনআরসিসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ফাঁকা হাঁড়ি মাথায় নিয়ে মিছিল করেছে তৃণমূল মহিলা কংগ্রেস। আজ (রোববার) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অভিনব ওই মিছিল অনুষ্ঠিত হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ০৮, ২০২০ ১৪:৫৬ Asia/Dhaka
  • ফাঁকা হাঁঁড়ি মাথায় তৃণমন্ত্রী মহিলা কংগ্রেসের মিছিল।
    ফাঁকা হাঁঁড়ি মাথায় তৃণমন্ত্রী মহিলা কংগ্রেসের মিছিল।

ভারতে অর্থনৈতিক মন্দা, এনআরসিসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ফাঁকা হাঁড়ি মাথায় নিয়ে মিছিল করেছে তৃণমূল মহিলা কংগ্রেস। আজ (রোববার) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অভিনব ওই মিছিল অনুষ্ঠিত হয়।

তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থানে উদ্যোগী তখন বিজেপি তা ধ্বংস করতে মরিয়া। ধর্মের ভিত্তিতে সিএএ, এনআরসি ও এনপিআর কার্যকর করা হচ্ছে। মানুষে মানুষে ভেদাভেদের রাজনীতি চলছে। কিন্তু বেকারত্ব কমানো, কর্মসংস্থান, দেশের আর্থিক উন্নয়নে কোনও নজর নেই কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের। সেজন্য ভাতের দাবিতে হাঁড়ি হাতে এই মিছিল।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে রাজধানী কোলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) বিরোধী সভা ও মিছিল করেছেন। এবার সেই ধারা বজায় রেখে কোলকাতায় আজ হাঁড়ি মাথায় মিছিল থেকেও কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রস্তাবিত সিএএ-এনআরসি-এনপিআর বাতিলের দাবিতে নারী তৃণমূল কর্মী-সমর্থকরা সোচ্চার হলেন।

আজ মিছিলে অংশ নেওয়া নারীরা ‘সিএএ-এনআরসি-এনপিআর চাই না’, ‘নারীরা বলছে ভাত চাই ভাত দাও’, ‘এনআরসি-সিএএ-এনপিআর ছিঃ ছিঃ’, ‘মোদি-অমিত ছিঃ ছিঃ’, ‘এনআরসি-সিএএ-এনপিআর লজ্জা’ ইত্যাদিসহ বিভিন্ন স্লোগান দেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।