এবার ভারতের প্রেসিডেন্ট ভবনে করোনার হানা, ১০০ জন কোয়ারেন্টাইনে
-
প্রেসিডেন্ট ভবন
ভারতের প্রেসিডেন্ট ভবনে এক পরিচ্ছন্নতাকর্মীর দেহে করোনাভাইরাস ধরা পড়ায় সেখানে কর্মরত কমপক্ষে একশ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
প্রেসিডেন্ট ভবনে কর্মরত ওই পরিচ্ছন্নতাকর্মী যেহেতু অন্যদের সংস্পর্শেও এসেছেন, সেজন্য তাঁর থেকে সংক্রামক ওই ব্যাধি অন্যদের শরীরেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আপাতত প্রেসিডেন্ট ভবন কমপ্লেক্সে কর্মরত প্রায় একশ জনকে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। দিন চারেক আগে প্রেসিডেন্ট ভবনের ওই সাফাই কর্মীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।
প্রেসিডেন্ট ভবনের একটি সূত্রে প্রকাশ, সচিব পর্যায়ের কর্মকর্তা ও তাঁদের পরিবারকে উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের বাসাতেই কোয়ারান্টাইন হয়ে থাকতে হচ্ছে। কিন্তু অন্য কর্মীদের মধ্য দিল্লির একটি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে এবং সেখানেই তাঁদেরকে চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখনও পর্যন্ত অবশ্য করোনা আক্রান্ত ওই পরিচ্ছন্নতাকর্মী ছাড়া অন্যদের শরীরের নমুনা পরীক্ষার ফলাফল করোনা-নেগেটিভ এসেছে।

২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৩৬, মৃত ৪৭
এদিকে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা একনাগাড়ে বেড়ে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য সূত্রে আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছে মোট ১৮ হাজার ৬০১ জন। মৃত্যু হয়েছে ৫৯০ জনের। এছাড়া ৩ হাজার ২৫২ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারণব্যাধি করোনায় ১ হাজার ৩৩৬ জন আক্রান্ত এবং ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭০৫ জন সুস্থ হয়েছেন। সব মিলিয়ে এপর্যন্ত ১৪ হাজার ৭৫৯ টি করোনা আক্রান্তের ঘটনা সক্রিয় রয়েছে।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার নিরিখে মহারাষ্ট্র সবচেয়ে এগিয়ে রয়েছে। এখানে এপর্যন্ত ৪ হাজার ৬৬৬ জন আক্রান্ত এবং ২৩২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৪৬৩ জন আক্রান্ত এবং ৯ জন মারা গেছেন।
দ্বিতীয় স্থানে থাকা রাজধানী দিল্লিতে এপর্যন্ত ২ হাজার ৮১ জন আক্রান্ত এবং ৪৭ জন মারা গেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র রাজ্য গুজরাটে এ পর্যন্ত ১ হাজার ৯৩৯ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭১ জন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।