জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ গেরিলা নিহত
https://parstoday.ir/bn/news/india-i79268-জম্মু_কাশ্মীরে_নিরাপত্তা_বাহিনীর_সঙ্গে_সংঘর্ষে_৪_গেরিলা_নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার গেরিলা নিহত হয়েছে। আজ (বুধবার) সোপিয়ান জেলায় ওই গেরিলারা নিহত হয়। এরআগে চলতি মাসে চারটি সংঘর্ষে ১৩ গেরিলা প্রাণ হারান।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২২, ২০২০ ০৯:১৫ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ গেরিলা নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার গেরিলা নিহত হয়েছে। আজ (বুধবার) সোপিয়ান জেলায় ওই গেরিলারা নিহত হয়। এরআগে চলতি মাসে চারটি সংঘর্ষে ১৩ গেরিলা প্রাণ হারান।  

গতকাল (মঙ্গলবার) রাতে নিরাপত্তা বাহিনী মেলহুরা গ্রামে গেরিলাদের উপস্থিতির খবর পায়। গোপনসূত্রে পাওয়া ওই তথ্যের ভিত্তিতে, সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, আধাসামরিক বাহিনী সিআরপিএফ এবং স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি সমন্বিত একটি যৌথবাহিনী সংশ্লিষ্ট গ্রামটি ঘেরাও করে এবং তল্লাশি অভিযান চালায়। এসময় একটি বাড়িতে লুকিয়ে থাকা গেরিলারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। প্রথমে নিরাপত্তা বাহিনী তাদেরকে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু তা সত্ত্বেও গেরিলারা একনাগাড়ে গুলিবর্ষণ অব্যাহত রাখায় নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয়।

এক পুলিশ কর্মকর্তা বলেন, সোপিয়ানের মেলহুরা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে মঙ্গলবার রাতে নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও ও তল্লাশি অভিযান চালায়। ওই কর্মকর্তা আরও বলেন, এসময় লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয় এবং এরফলে চার সন্ত্রাসী নিহত হয়। নিহত সন্ত্রাসীরা কোন গোষ্ঠীর সদস্য তা জানার চেষ্টা চলছে।

গণমাধ্যমের একটি সূত্র বলছে, প্রাথমিকভাবে দুই গেরিলা নিহত হয়। পরে বেলা ১০ টা নাগাদ মোট চার গেরিলা নিহত হয়। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।

কাশ্মীরে চলতি বছরে এ পর্যন্ত ১৩ টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরমধ্যে গত ৭ এপ্রিল সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে। ভয়াবহ ওই সংঘর্ষে ৫ গেরিলার পাশাপাশি সীমান্তের ওপারে সার্জিক্যাল স্ট্রাইকে অংশ নেওয়া প্যারা ইউনিটের ৫ কমান্ডো নিহত হয়েছিল। #

পার্সটুডে/এমএএইচ/এআর/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।