মেহবুবা মুফতির আটকের মেয়াদ আরও ৩ মাস বাড়ল, ক্ষুব্ধ ওমর
https://parstoday.ir/bn/news/india-i79640-মেহবুবা_মুফতির_আটকের_মেয়াদ_আরও_৩_মাস_বাড়ল_ক্ষুব্ধ_ওমর
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতির আটকের মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। ওই ঘটনায় রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ০৬, ২০২০ ১০:২০ Asia/Dhaka
  • মেহবুবা মুফতি
    মেহবুবা মুফতি

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতির আটকের মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। ওই ঘটনায় রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

ওমর আব্দুল্লাহ বলেছেন, ‘মেহবুবা মুফতির আটকের মেয়াদ বাড়ানো অবিশ্বাস্য নিষ্ঠুরতা এবং অধঃপতনশীল পদক্ষেপ। তিনি এমন কিছু বলেননি বা করেননি যাতে তাঁর সঙ্গে এরকম আচরণ করা যায় বা অন্যদের আটকে রাখা যায়।’

ওমর আব্দুল্লাহ আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে সরকারের পক্ষ থেকে বারবার জম্মু-কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি বলে দাবি করা হয়েছে। সেখানে মেহবুবা মুফতিকে আটকে রাখার ঘটনাতেই প্রমাণ হয়, মোদিজী একাই জম্মু-কাশ্মীরকে কয়েকদশক পিছিয়ে দিয়েছেন।’

মেহবুবা মুফতির আটকের মেয়াদ আরও ৩ মাস বাড়িয়ে দেওয়ায় বলিউড পরিচালক ওনির প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, এটা লজ্জার বিষয়! আমি তাঁর রাজনীতির সাথে একমত হই বা না হই, এটা অন্যায়। এই সরকার এভাবেই এক সময়ের বন্ধুদের সাথে এরকম আচরণ করছে। জননিরাপত্তা আইনে (পিএসএ) মেহবুবা মুফতির আটকের মেয়াদ ৩ মাস বাড়ানো হয়েছে।

ওমর আব্দুল্লাহ

ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীর থেকে গত বছর সেরাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ মর্যাদা সম্পন্ন ৩৭০ ধারা বাতিল করে দেওয়ার পরে গত ৫ আগস্ট থেকে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আটক অবস্থায় রয়েছেন। জননিরাপত্তা আইনে তার আটকের মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে জম্মু-কাশ্মীর প্রশাসনের স্বরাষ্ট্র দফতর থেকে মেহবুবার আটকের মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। দুটি উপ-কারাগারে ৮ মাস আটক থাকার পরে গত ৭ এপ্রিল থেকে তাঁকে নিজ বাসায় গৃহবন্দি করে রাখা হয়েছে।

এদিকে, মেহবুবার পাশাপাশি একইভাবে রাজ্যটির সাবেক মন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা আলী মুহাম্মদ সাগর এবং পিডিপি’র সিনিয়র নেতা সারতাজ মাদনীর আটকের মেয়াদও তিন মাস বাড়ানো হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।