বাংলায় রমজান মাসে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মমতা
https://parstoday.ir/bn/news/india-i79853-বাংলায়_রমজান_মাসে_দাঙ্গা_লাগানোর_চেষ্টা_চলছে_কঠোর_ব্যবস্থা_নেওয়া_হবে_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি’র নাম উল্লেখ না করে বলেছেন, ‘রমজান মাস চলছে। কেউ কেউ বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বাংলায় দাঙ্গাবাজ কিছু রাজনৈতিক দল আছে তাঁরা দাঙ্গা করে বেড়ায়। প্ররোচনায় পা দেবেন না। পুলিশকে বলেছি, যে দাঙ্গা করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। কাউকে ছাড়া হবে না। অশান্তি করলেই গ্রেফতার করা হবে।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৩, ২০২০ ১৪:৪২ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি’র নাম উল্লেখ না করে বলেছেন, ‘রমজান মাস চলছে। কেউ কেউ বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বাংলায় দাঙ্গাবাজ কিছু রাজনৈতিক দল আছে তাঁরা দাঙ্গা করে বেড়ায়। প্ররোচনায় পা দেবেন না। পুলিশকে বলেছি, যে দাঙ্গা করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। কাউকে ছাড়া হবে না। অশান্তি করলেই গ্রেফতার করা হবে।’

তিনি আজ (বুধবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। মমতা হুগলীর জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে বলেছেন, ‘যাদের বাড়িঘর পোড়ানো বা জ্বালানো হয়েছে, তাদের সাহায্য করুন। তেলেনিপাড়ায় যে গণ্ডগোল হয়েছে, সেখানে যাদের বাড়িঘরের ক্ষতি হয়েছে, তার তালিকা তৈরি করে পাঠাবেন। তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এ জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করুন।’

সম্প্রতি হুগলী জেলার ভদ্রেশ্বরের তাঁতিপাড়া, সেগুনবাগান, তেলেনিপাড়া এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে সাম্প্রদায়িক সংহিংস ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় ‘র‍্যাফ’ নামানো হয়েছে। গতকাল (মঙ্গলবার) চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর ও পুলিশের এডিজি সিআইডি সিদ্ধিনাথ গুপ্ত ঘটনাস্থলে যান।

রাতে পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে চন্দননগর এবং শ্রীরামপুর মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে হুগলী জেলা প্রশাসন। এ দিন এই মর্মে নির্দেশিকা জারি করেছেন জেলা প্রশাসক ওয়াই রত্নাকর রাও। আগামী ১৭ মে পর্যন্ত ওই নির্দেশ কার্যকর থাকবে বলে তিনি জানিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।