বিদ্যুৎ ও পানির দাবিতে কোলকাতায় বিক্ষোভ, সুরাহার আশ্বাস ফিরহাদ হাকিমের
https://parstoday.ir/bn/news/india-i80126-বিদ্যুৎ_ও_পানির_দাবিতে_কোলকাতায়_বিক্ষোভ_সুরাহার_আশ্বাস_ফিরহাদ_হাকিমের
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিদ্যুৎ ও পানির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন বাসিন্দারা। বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘আম্পান’ পরবর্তী সময়ে এখনও পর্যন্ত বিদ্যুৎ ফিরে না আসায় আজ (শনিবার) দক্ষিণ কোলকাতার বেহালা, টালিগঞ্জ, যাদবপুর, গড়িয়া এবং ইএম বাইপাস সংলগ্ন বহু এলাকায় অবিলম্বে পানি ও বিদ্যুতের দাবিতে, সকাল থেকে মানুষজন পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ২৩, ২০২০ ১৩:২০ Asia/Dhaka
  • ফিরহাদ হাকিম
    ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিদ্যুৎ ও পানির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন বাসিন্দারা। বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘আম্পান’ পরবর্তী সময়ে এখনও পর্যন্ত বিদ্যুৎ ফিরে না আসায় আজ (শনিবার) দক্ষিণ কোলকাতার বেহালা, টালিগঞ্জ, যাদবপুর, গড়িয়া এবং ইএম বাইপাস সংলগ্ন বহু এলাকায় অবিলম্বে পানি ও বিদ্যুতের দাবিতে, সকাল থেকে মানুষজন পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।

কোলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম দুয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন।   

পশ্চিমবঙ্গে গত (বুধবার) ঘূর্ণিঝড় ‘আম্পান’ আঘাত হানার পর থেকে অসংখ্য বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিপর্যয় সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় গাছ ভেঙে পড়ে বিদ্যুতের তাঁর ছিঁড়ে গেছে। রাজ্যের বহু জায়গায় এজন্য একটানা বিদ্যুৎ পরিসেবা বন্ধ হয়ে আছে। একইসঙ্গে মোবাইলের নেটওয়ার্ক ও নেট সমস্যার সৃষ্টি হয়েছে।

আজ বেহালার বকুলতলায় সড়কের উপরে বাঁশ ফেলে অবরোধ করেন বাসিন্দারা। এরফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা পানি ও বিদ্যুতের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। ওই এলাকার এক নারী বিক্ষোভকারী বলেন, ‘তিনদিন ধরে আলো-পানি নেই, এবার তো আমরা মরে যাবো! প্রশাসন কোথায়? পরিসেবা না পাওয়া পর্যন্ত, অবরোধ উঠবে না।’

আজ এছাড়া বিজয়গড় পল্লিশ্রী, যাদবপুরের মণ্ডলপাড়া, কসবার সাঁপুইপাড়া প্রভৃতি এলাকায় বাসিন্দারা একই ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন।

আজ শহরের বিভিন্ন এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নামেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কোলকাতার সাদার্ন অ্যাভিনিউতে তিনি নিজে দাঁড়িয়ে থেকে কাজকর্মের তদারকি করেন। সড়ক থেকে গাছ সরাতে পুরকর্মীদের সঙ্গে কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্স, দমকল এবং কোলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।