বিভিন্ন ইস্যুতে বাংলাকে বঞ্চনা, অসম্মান ও বদনাম করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i80465-বিভিন্ন_ইস্যুতে_বাংলাকে_বঞ্চনা_অসম্মান_ও_বদনাম_করা_হচ্ছে_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার পরিকল্পনা ছাড়াই পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠানোয় রাজ্যে করোনা বাড়ছে। বিভিন্ন ইস্যুতে বাংলাকে বঞ্চনা, অসম্মান ও বদনাম করা হচ্ছে বলেও তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০৬, ২০২০ ০৭:১৪ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার পরিকল্পনা ছাড়াই পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠানোয় রাজ্যে করোনা বাড়ছে। বিভিন্ন ইস্যুতে বাংলাকে বঞ্চনা, অসম্মান ও বদনাম করা হচ্ছে বলেও তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

গতকাল (শুক্রবার) বিকেলে দক্ষিণ কোলকাতার হরিশ পার্কে ‘‌রি–গ্রিনিং কোলকাতা’‌র এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। অনুষ্ঠানের মঞ্চ থেকে সুন্দরবনে পাঁচ কোটি ম্যানগ্রোভ লাগানোর কর্মসূচির সূচনা করেন। 

পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফেরত পাঠানো প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের নিয়ে চিৎকার করছে কেন্দ্র, কিন্তু এক পয়সা দিচ্ছে না। আমরা ইতোমধ্যেই ওদের জন্য দু’শো কোটি টাকা খরচ করেছি। পরিযায়ী শ্রমিকদের অবশ্যই ফিরিয়ে আনব। কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে বিনা পরিকল্পনায় ওদের ছেড়ে দিচ্ছে, তাতে করোনা বাড়ছে। তার ওপরে শ্রমিকদের হাতে এক পয়সা দেওয়া হচ্ছে না। খাবারও জুটছে না ওদের।’

বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপিকে ইঙ্গিত করে মমতা বলেন, ‘কেউ কেউ এমন পরিস্থিতিতেও রাজনীতি করছেন! বলছেন বাংলার মুখ্যমন্ত্রীকে গদিচ্যুত করে আমাদের ক্ষমতায় নিয়ে আসুন। এটা কি রাজনীতি করার সময়? তার চেয়ে রাজ্যের মানুষের হয়ে কাজ করুন না। গাছ লাগান, পুকুর পরিষ্কার করুন। সে সব তো করবেন না।’

মমতা আরও বলেন, ‘তিন মাস তো লুকিয়ে ছিলেন। ঘর থেকেও বেরোননি ভয়ে। আর এখন আপনারা বড় বড় কথা বলছেন? সরকারকে কাজ করতে দিন।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘একদিকে করোনা মহামারী চলছে, অন্যদিকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে (আম্পান) বিপর্যস্ত বাংলা। আমাদের এই দুটো দুর্যোগ আর দুর্ভোগের মোকাবিলা করতে হচ্ছে। কিন্তু আমরা হাল ছাড়িনি। তিন মাস ধরে রাস্তায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি।’

মমতা এদিন বর্ষার সময় সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ প্রজাতির গাছ লাগাতে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে উদ্যোগী হতে এবং একইসঙ্গে গোটা রাজ্যে আরও সাড়ে তিন কোটি গাছ লাগানোর নির্দেশ দেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।