আম্পানকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর
https://parstoday.ir/bn/news/india-i80499-আম্পানকে_জাতীয়_বিপর্যয়_ঘোষণার_দাবি_বাম_পরিষদীয়_দলনেতা_সুজন_চক্রবর্তীর
ভারতের পশ্চিমবঙ্গে হওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানকে ‘জাতীয় বিপর্যয়’ হিসেবে ঘোষণার দাবি জানালেন বাম পরিষদীয় দলনেতা ড. সুজন চক্রবর্তী। আজ (শনিবার) ‘আম্পান’ ইস্যুতে রাজ্য সচিবালয় নবান্নে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০৬, ২০২০ ১৬:৪৪ Asia/Dhaka
  • ড. সুজন চক্রবর্তী
    ড. সুজন চক্রবর্তী

ভারতের পশ্চিমবঙ্গে হওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানকে ‘জাতীয় বিপর্যয়’ হিসেবে ঘোষণার দাবি জানালেন বাম পরিষদীয় দলনেতা ড. সুজন চক্রবর্তী। আজ (শনিবার) ‘আম্পান’ ইস্যুতে রাজ্য সচিবালয় নবান্নে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।  

সুজন চক্রবর্তী বলেন, ‘আমাদের রাজ্য যেন দ্রুত যথাযথ কেন্দ্রীয় সাহায্য পায় তার ব্যবস্থা করতে হবে। ‘আইলা’ ঝড়ের সময়ে তৎকালীন বিরোধীদল বাংলার ‘শত্রুতা ও বিরোধিতা’ করার জন্য যে ভূমিকা নিয়েছিল, আমরা সেরকম মনোভাব নিতে রাজি নই।’ 

সুজন বাবু বলেন, ‘কোভিডের সময়ে দিল্লি ও রাজ্য সরকার লোকদেখানো ঝগড়া করে মানুষের সর্বনাশ করেছে, এরকম কোনও পরিস্থিতি আমরা চাই না। এরকম একটা পদ্ধতি থাকা উচিত, যে সাহায্য, অর্থ অথবা যে বা যারা পাচ্ছেন তা যেন ঠিক ঠিক লোকের কাছে পৌঁছয়। ক্ষতিগ্রস্ত মানুষের হাতে যাতে সাহায্য পৌঁছয়, সেটা যাতে অন্যভাবে ঘুরে না যায় তা দেখতে হবে।’

আম্পানে ক্ষতিগ্রস্ত কোলকাতা

তিনি বলেন, ‘ত্রাণের টাকায় দলবাজি ও লুট চলবে না। নদিয়ার মাজদিয়াতে ২৮ জনের কাছে টাকা পৌঁছলেও তাঁদের মধ্যে ২০ জনেরই পাকা বাড়ি! ক্ষতিগ্রস্ত গরীব মানুষ হাপিত্যেশ করছেন! কার কাছে ক্ষতিপূরণ পাওয়ার জন্য দরখাস্ত করবেন? মেম্বার বলছে প্রধানের কাছে যান। প্রধান বলছেন বিডিওর কাছে যান, বিডিও বলছেন বিধায়কের কাছে যান, বিধায়ক বলছেন জেলা প্রশাসকের কাছে যান। কত জায়গায় মানুষ ঘুরবে? ক্ষতিগ্রস্ত মানুষ অনলাইনে যাতে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারে তার ব্যবস্থা করতে হবে।’

‘আমরা চাইব কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যথার্থ টাকা আসুক। কিন্তু টাকা যাতে লুঠ না হয়ে যায়, যথাযথভাবে তা ব্যবহৃত হয় তার ব্যবস্থাপনা করতে হবে’ বলেও বামফ্রন্ট নেতা ও বিধায়ক সুজন চট্টোপাধ্যায় মন্তব্য করেন।

অন্যদিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি বলেন, ‘বিরোধীপক্ষের অন্যরা (আম্পানকে) বলেছেন ‘জাতীয় বিপর্যয়’। আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন, জাতীয় বিপর্যয়ের চেয়েও বড় দুর্যোগ হয়েছে। কিন্তু জাতীয় বিপর্যয় বলে কোনও পরিভাষা নেই সরকারের কাছে, বা তার চেয়ে বড় কী তা আমরা বুঝি না। বিপর্যয়ের প্রকৃত তথ্য প্রকাশ্যে আসা উচিত। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার চেষ্টা করা হোক।’

মুখ্যমন্ত্রী টাকার গন্ধ পেয়ে নেতা-কর্মীদের তৈরি হয়ে গুছিয়ে নেয়া ও নির্বাচনি তহবিল তৈরির করার নির্দেশ দিয়েছেন বলেও বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।