আম্পানে পশ্চিমবঙ্গকে অর্থ সহায়তায় বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার: রাজীব বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i80603-আম্পানে_পশ্চিমবঙ্গকে_অর্থ_সহায়তায়_বঞ্চনা_করেছে_কেন্দ্রীয়_সরকার_রাজীব_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতিতে অর্থ সাহায্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বলে মন্তব্য করেছেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি আজ কোলকাতার তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১১, ২০২০ ১৫:২২ Asia/Dhaka
  • আম্পানে পশ্চিমবঙ্গকে অর্থ সহায়তায় বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার: রাজীব বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতিতে অর্থ সাহায্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বলে মন্তব্য করেছেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি আজ কোলকাতার তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আম্পান ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতিতে যেখানে একলাখ কোটি টাকা খরচ করা হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে সহায়তা হিসেবে মাত্র এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এতে কী হবে? ১০ লাখ মানুষের বাড়ি ভেঙ্গেছে, অনেক ক্ষতি হয়েছে। ২০১৯ সালে মহারাষ্ট্রে সামান্য বন্যার সময়ে তিন হাজার  কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন এই বঞ্চনা? এখানে মাত্র এক হাজার কোটি টাকা দিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণে কেন্দ্রীয় টিমকে অনেক দেরিতে পাঠানো হয়েছে।’

তিনি বিজেপি ও কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতিকে ‘ভাঁওতা’ বলে উল্লেখ করে বলেন,  ‘ওঁদের প্রতিশ্রুতির সঙ্গে  কাজের কোনও মিল নেই। বিগত দিনে মানুষ দেখেছে  বিজেপি ও কেন্দ্রীয় সরকারের যে প্রতিশ্রুতি সেগুলো সবটাই  ‘মিথ্যে এবং ভাঁওতা প্রতিশ্রুতি’। ওঁরা প্রতিশ্রুতি পূর্ণ করতে পারেননি। এখন ভোটের রাজনীতি করার জন্য ওঁরা নয়া  প্রতিশ্রুতি দিচ্ছেন। এসময় রাজনীতি নয়, আগে মানুষকে প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু কেবলমাত্র রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ‘বাংলা দখলের লক্ষ্যে’ মানুষকে ভুল বুঝিয়ে কখনও ‘আয়ুষ্মান ভারত’, কখনও ‘কৃষক সম্মান’ ইত্যাদির  নাম নিয়ে তাঁরা মানুষকে ভাঁওতা দিয়ে রাজনৈতি স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছে।’

গত (মঙ্গলবার) পশ্চিমবঙ্গে ক্ষমতা পরিবর্তনের উদ্দেশ্যে দিল্লি থেকে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’য় পরিণত করার কথা বলেছিলেন। তিনি বলেন,  ‘সোনার বাংলা গড়তে মোদীজির হাত শক্ত করুন। যদি শান্ত, উন্নত বাংলা গঠন করতে চান তাহলে মোদিজীকে সুযোগ দিন। আপনারা সিপিএম ও তৃণমূলকে দেখেছেন, এ বার বিজেপিকে সুযোগ দিন।’

এরপরে আজ পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিথ্যে প্রতিশ্রুতি ও ভাঁওতা দেওয়ার অভিযোগে সোচ্চার হলেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।