ভারতে একনাগাড়ে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ
ভারতে একনাগাড়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ করেছে প্রধান বিরোধীদল কংগ্রেস। আজ (সোমবার) কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে দলটির নেতা-কর্মীরা সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে পেট্রোল এবং ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
রাজধানী দিল্লিতে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ৮০ টাকা ৪৩ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম ৮০ টাকা ৫৩ পয়সা হয়েছে।
কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী আজ বলেন, ‘২৫ মার্চ লকডাউনের পরে মোদি সরকার গত তিন মাসে ২২ বার পেট্রোল এবং ডিজেলের দাম বাড়িয়েছে। ডিজেলের দাম প্রতি লিটারে ১১ টাকা এবং পেট্রোলের দাম লিটার প্রতি ৯ টাকা ১২ পয়সা বৃদ্ধি করেছে। গত তিন মাসে মোদি সরকার আবগারি শুল্ক বৃদ্ধির মধ্য দিয়ে বার্ষিক লাখ লাখ কোটি টাকা সংগ্রহ করার ব্যবস্থা করেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত হ্রাস পাওয়ার সময়েই এই সব ঘটছে।’
সরকারের দায়িত্ব হল কঠিন সময়ে দেশবাসীর সহায় হওয়া এবং তাদের দুর্ভোগের সুযোগ নিয়ে মুনাফা করা উচিত নয় বলেও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মন্তব্য করেন।
আজ দিল্লিতে আইপি কলেজের কাছে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানোর সময়ে পুলিশ বিক্ষোভকারীদের আটক করে। কংগ্রেস কর্মীরা বলেন, ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে আমাদের আটক করা হয়েছে। কিন্তু আমরা সরকার কর্তৃক বর্ধিত তেলের মূল্যের বিরুদ্ধে আন্দোলন করছি এবং তা চালিয়ে যাব।
কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘করোনার সময়ে লোকেরা জর্জরিত। কিন্তু গত ২০ দিন ধরে একনাগাড়ে সরকার পেট্রোল এবং ডিজেলের দাম বাড়িয়ে জনগণকে প্রতিনিয়ত আক্রমণ করে চলেছে।’
মধ্য প্রদেশের কংগ্রেস বিধায়ক ও সাবেক মন্ত্রী জিতু পাটোয়ারি বলেন, ‘ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুদ্রাস্ফীতি নিয়ে সোচ্চার হয়েছিলেন। কিন্তু লকডাউনের পরে যখন জনগণের আয় কমে যাচ্ছে, তখন মোদিজি জনসাধারণের উপরে মুদ্রাস্ফীতির চাবুক মারছেন।’

কংগ্রেস নেতা-কর্মীরা আজ দেশজুড়ে সাইকেল ও গরুর গাড়িতে চড়ে প্ল্যাকার্ড ও পোস্টার বহন করে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
আহমেদাবাদে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদকারী কংগ্রেস কর্মীদের পুলিশ আটক করে। গুজরাট কংগ্রেস সভাপতি অমিত চাভদা বলেন, একদিকে করোনার মহামারী এবং অন্যদিকে মুদ্রাস্ফীতি। পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে এই সরকার গোটা দেশকে লুট করছে।
আজ বেঙ্গালুরুতে সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা সিদ্দারামাইয়া সাইকেল চালিয়ে প্রতিবাদ-বিক্ষোভে শামিল হন।
বিহারে কংগ্রেস কর্মীরা সাইকেল ও গরুর গাড়ি চড়ে প্রতিবাদ জানান। পাটনায় প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন রাজ্য কংগ্রেস সভাপতি মদন মোহন ঝা।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।