জম্মু-কাশ্মীরে গেরিলা হামলায় সিআরপিএফ জওয়ানসহ হতাহত ৪
https://parstoday.ir/bn/news/india-i81098-জম্মু_কাশ্মীরে_গেরিলা_হামলায়_সিআরপিএফ_জওয়ানসহ_হতাহত_৪
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সোপোরে আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওপরে গেরিলা হামলায় একজন হেড কনস্টেবল নিহত হয়েছেন এবং অন্য দুই জওয়ান আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে এক বেসামরিক ব্যক্তিও গুরুতর আহত হন। নিহত হেড কনস্টেবল ১৭৯ ব্যাটালিয়নের জওয়ান ছিলেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ০১, ২০২০ ০৭:৩১ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে গেরিলা হামলায় সিআরপিএফ জওয়ানসহ হতাহত ৪

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সোপোরে আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওপরে গেরিলা হামলায় একজন হেড কনস্টেবল নিহত হয়েছেন এবং অন্য দুই জওয়ান আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে এক বেসামরিক ব্যক্তিও গুরুতর আহত হন। নিহত হেড কনস্টেবল ১৭৯ ব্যাটালিয়নের জওয়ান ছিলেন।

ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, গেরিলারা আচমকা সিআরপিএফ টহলদলের ওপরে আক্রমণ চালালে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

‘আজতক’ হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইটে বলা হয়েছে, আজ (বুধবার) সকালে সোপোরের মডেল টাউনে সিআরপিএফের তল্লাশিদলের ওপরে গুলিবর্ষণ করা হয়। সন্ত্রাসীদের পক্ষ থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণে তিন জওয়ান ও একজন বেসামরিক হতাহত হয়েছে। চারজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন এক হেড কনস্টেবল মারা যান।

সিআরপিএফের আইজি রাজেশ যাদব বলেন, সন্ত্রাসী হামলায় আমরা হেড কনস্টেবল দীপচাঁদকে হারিয়েছি। এক জওয়ান জীবন যুদ্ধ লড়ছে। তৃতীয় জওয়ান গুলিবিদ্ধ না হলেও অভিযান চলাকালীন তিনি আহত হয়েছেন। উভয় জওয়ানেরই চিকিৎসা চলছে।

এদিকে ওই ঘটনার পরে জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে যৌথভাবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং হামলাকারী গেরিলাদের সন্ধান চলছে।

উপত্যকায় নিরাপত্তা বাহিনী গেরিলাদের নির্মূল করতে একটি অভিযান শুরু করেছে। ওই অভিযানের ফলে গত জুন মাসে ৪৮ গেরিলা নিহত হয়েছে।

অন্যদিকে, আজ সিআরপিএফ দলের ওপরে গেরিলা হামলার মধ্যে ত্রালে নিরাপত্তা বাহিনী এবং গেরিলাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলওয়ামা জেলার ত্রালে দুই/তিনজন গেরিলা লুকিয়ে আছে বলে নিরাপত্তাবাহিনী খবর পায়। এরপরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। এসময় গেরিলারা নিরাপত্তা বাহিনীর ওপরে গুলিবর্ষণ শুরু করলে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণ করে জবাব দিয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।