'পশ্চিমবঙ্গ ‘পশ্চিমবঙ্গ বাংলাদেশ’ হতে যাচ্ছে, উদ্ধার করে সোনার বাংলা করতে হবে'
https://parstoday.ir/bn/news/india-i81241-'পশ্চিমবঙ্গ_পশ্চিমবঙ্গ_বাংলাদেশ’_হতে_যাচ্ছে_উদ্ধার_করে_সোনার_বাংলা_করতে_হবে'
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, ‘পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হতে যাচ্ছে! সেখান থেকে বাংলাকে আরেকবার উদ্ধার করে ‘সোনার বাংলা’ তৈরি করার সংকল্প করেছি আমরা। আমাদের নেতৃত্বের দূরদর্শিতা ও মানুষের আশীর্বাদে আমরা সেই কাজে সফল হবো।’ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ (সোমবার) এক ‘ভার্চুয়াল সভা’য় বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৬, ২০২০ ১২:২৮ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি
    ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, ‘পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হতে যাচ্ছে! সেখান থেকে বাংলাকে আরেকবার উদ্ধার করে ‘সোনার বাংলা’ তৈরি করার সংকল্প করেছি আমরা। আমাদের নেতৃত্বের দূরদর্শিতা ও মানুষের আশীর্বাদে আমরা সেই কাজে সফল হবো।’ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ (সোমবার) এক ‘ভার্চুয়াল সভা’য় বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।

শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বক্তব্য রাখার সময়ে দিলীপ ঘোষ বলেন, ‘যেদিন সাম্প্রদায়িকতার আগুনে বাংলা পুড়ে যাচ্ছিল, সেখান থেকে এই পশ্চিমবঙ্গকে তিনি উদ্ধার করে আমাদেরকে ‘হোমল্যান্ড’ দিয়েছেন হিন্দু বাঙালিরা। তাই তিনি পশ্চিমবঙ্গের জনক। আজকে আবার পশ্চিমবঙ্গ তার অস্তিত্ব বিপন্ন করে তুলেছে। রাজনৈতিক হিংসা, সাম্প্রদায়িক হিংসার ফলে আগুন জ্বলেছে। মানুষের জীবন বিপন্ন! হাহাকার করছে মানুষ! এখানে বিরোধী পার্টির কোনও জায়গা নেই। মিডিয়ার কোনও স্বাধীনতা নেই। গণতন্ত্র নেই। তাই এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করে পশ্চিমবঙ্গকে আত্মনির্ভর ও সুরক্ষিত পশ্চিমবঙ্গ করার জন্য আমরা লড়াই করছি।’

ওই সভায় বিজেপি’র কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা বলেন, ‘আজকে যে পশ্চিমবঙ্গে আমরা দাঁড়িয়ে কথা বলছি, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির দান। দেশভাগের সময়ে আজকের পাঞ্জাব এবং বর্তমান যে পশ্চিমবঙ্গ এটা পুরোপুরি দেওয়া হয়েছিল পাকিস্তানের সাথে। সেসময় কেউ লড়াই করেনি। শ্যামাপ্রসাদ মুখার্জি সমস্ত বুদ্ধিজীবীদের একত্রিত করে, ইংল্যান্ড থেকে আসা কমিশন ক্রিপস কমিশন ক্যাবিনেট কমিশনের সামনে জোরালো সাফাই দিয়ে একনাগাড়ে আন্দোলন করে, প্রতিবাদ ধ্বনিত করে এই পশ্চিম বাংলাকে ভারত ভুক্তি করিয়েছিলেন। নইলে মমতা ব্যানার্জি আজকে বাংলাদেশে থাকতেন। সিপিএম-কংগ্রেসের নেতারা বাংলাদেশে থাকতেন, আমরাও বাংলাদেশে থাকতাম। আর আমার জন্মই তো বাংলাদেশে। সে কারণে ওখানেই থাকতাম। এখানে আর আসতে হতো না। সেজন্য বুঝতে হবে আজ পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে কতটা ঋণী।’

আজকের ওই ভার্চুয়াল সভায় বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের ফলে শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণ হয়েছে বলে মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।