সিপিএমের আমলে ১০০ শতাংশ চুরি করত পঞ্চায়েতে: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i81291-সিপিএমের_আমলে_১০০_শতাংশ_চুরি_করত_পঞ্চায়েতে_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘পশ্চিমবঙ্গে সিপিএমের আমলে একশ’ শতাংশ চুরি করত পঞ্চায়েতে। আমরা এখন ৯০ শতাংশ চুরি কমিয়ে দিয়েছি। একবারে সব চোরকে উৎখাত করা সম্ভব নয়।’ তিনি আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় কোলকাতা ট্রাফিক পুলিশের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৮, ২০২০ ১২:৪৬ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘পশ্চিমবঙ্গে সিপিএমের আমলে একশ’ শতাংশ চুরি করত পঞ্চায়েতে। আমরা এখন ৯০ শতাংশ চুরি কমিয়ে দিয়েছি। একবারে সব চোরকে উৎখাত করা সম্ভব নয়।’ তিনি আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় কোলকাতা ট্রাফিক পুলিশের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

সাম্প্রতিক আমপান ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের অর্থ বিতরণে দুর্নীতি হয়েছে বলে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। এ নিয়ে রাজ্যের বিভিন্নস্থানে বিরোধীদের প্রতিবাদ আন্দোলন চলছে। ওই ইস্যুতে সরকার পক্ষ কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে।

মুখ্যমন্ত্রী আজ এ প্রসঙ্গে বলেন, ‘আমি আমার দলকেও ছেড়ে কথা বলি না। মানুষের টাকা যেন কেউ না নেয়া এটা আমাদের নির্দেশ। ৭/৮ শতাংশ (দুর্নীতি) যেটা আছে সেটা নিয়ে চেষ্টা চলছে। পুলিশ এ নিয়ে এফআইআর করছে, পুলিশ গ্রেফতার করছে। অভিযুক্তের বিরুদ্ধে ‘অ্যাকশন’ নেওয়া হচ্ছে। সেটাও আস্তে আস্তে কমে যাবে। অন্য রাজ্যে প্রায় ৯০ শতাংশ  দুর্নীতি হয়। আমরা সেটা ১০ শতাংশে নামিয়ে এনেছি। অল্প দু’-একটি ঘটনা হয়নি এমন নয়। তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্তু বিরোধীরা সেটাকেই ইস্যু করে শোরগোল করছে।’

তিনি বলেন, ‘একদিনে সবার অভ্যাস পরিবর্তন হয় না। এই মেকানিজমটা সিপিএম তৈরি করেছে ৩৪ বছর ধরে। ওদের ওই মেকানিজম এখনও নীচুতলায় বা সরকারি স্তরে বলুন কিছু কিছু জায়গায় তা আছে। এটাকে মোকাবিলা করতে গিয়ে রোজ আমাকে লড়াই করতে হয়।’

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়েও এ দিন সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’ এ রাজ্যে গৃহীত হয়নি। এ নিয়ে রাজ্যসরকারকে বিজেপি সমালোচনা করে চলেছে।  

এ প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারতের প্রায় দু’বছর আগে আমরা স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছি। সেই প্রকল্পের পুরো প্রিমিয়াম দেয় রাজ্য সরকার। তাহলে কেন কেন্দ্রের প্রকল্প নেবো আমরা?’

ত্রাণ বিতরণ প্রসঙ্গে ‘আমরা সরাসরি চাষিদের কাছ থেকে চাল-গম কিনি, সেটাই মানুষকে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের মতো এফসিআই-এর পচা চাল নয়’  বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#

 

পার্সটুডে/এমএএইচ/এআর/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।