ভারতের এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
https://parstoday.ir/bn/news/india-i81516-ভারতের_এক_ইঞ্চি_জমিও_কেউ_কেড়ে_নিতে_পারবে_না_প্রতিরক্ষামন্ত্রী_রাজনাথ_সিং
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন, ভারতের এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না। ভারত-চীন চলমান উত্তেজনার আবহে তিনি আজ (শুক্রবার) লেহ’তে পৌঁছে চীনের উদ্দেশ্যে ওই মন্তব্য করেন। তিনি সেনা কর্মকর্তাদের সঙ্গে ভারত-চীন সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছেন।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
জুলাই ১৭, ২০২০ ১১:৫৪ Asia/Dhaka
  • রাজনাথ সিং
    রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন, ভারতের এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না। ভারত-চীন চলমান উত্তেজনার আবহে তিনি আজ (শুক্রবার) লেহ’তে পৌঁছে চীনের উদ্দেশ্যে ওই মন্তব্য করেন। তিনি সেনা কর্মকর্তাদের সঙ্গে ভারত-চীন সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছেন।

দু’দিনের জন্য লাদাখ ও জম্মু-কাশ্মীর সফর করবেন রাজনাথ। রাজনাথ সিংয়ের সঙ্গে আজ লেহতে পৌঁছন সেনাপ্রধান এমএম নারভানে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রওয়াত। সেখানে তাঁরা সেনাবাহিনীর মহড়া পর্যবেক্ষণ করেন। লাদাখ সফর শেষে তাঁরা জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখবেন।

রাজনাথ সিং ভারতীয় সেনা জওয়ানদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা নিষ্পত্তি করার চেষ্টা চলছে।  কিন্তু তা কতটা সমাধান হবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। কিন্তু একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি, পৃথিবীর কোনও শক্তি আমাদের এক ইঞ্চি জমিও কেড়ে নিতে পারবে না।’

ভারত ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘর্ষ প্রসঙ্গে রাজনাথ সিং বলেন,  ‘সম্প্রতি ভারতীয় জওয়ান ও চীনাবাহিনীর মধ্যে যা ঘটেছে, তাতে সীমান্ত রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আমাদের বেশ কিছু জওয়ান। আজ এখানে এসে ভাল লাগলেও, তাঁদের মৃত্যুতে শোকাহত আমি। ওঁদের শ্রদ্ধা জানাই।’

রাজনাথ সিং আজ সীমান্তে স্বয়ংক্রিয় বন্দুক তাক করেন। এসময় সেনা কর্মকর্তারা তাঁকে সাহায্য করেন।

রাজনাথ সিং বলেন, ‘ভারত বিশ্বের একমাত্র দেশ যারা গোটা বিশ্বকে শান্তির বার্তা দিয়েছে। আমরা কখনই কোনও দেশ আক্রমণ করিনি এবং আমরা কোনও দেশের জমিও দখল করি নি। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই।‘

‘আমাদের চরিত্র হ'ল আমরা কখনও কোনও দেশের স্বাভিমানে আঘাত করার চেষ্টা করিনি। ভারতের স্বাভিমানে আঘাত করার চেষ্টা হলে আমরা কোনও অবস্থাতেই তা সহ্য করব না এবং এর উপযুক্ত দেওয়া হবে’ বলেও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৭