ভারতের মণিপুরে সন্ত্রাসী হামলায় অসম রাইফেলসের ৩ জওয়ান নিহত, আহত ৫
ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ মিয়ানমার সীমান্তবর্তী চান্দেল জেলায় আধাসামরিক বাহিনী অসম রাইফেলসের একটি দলের উপরে সন্দেহভাজন পিএলএ (পিপলস লিবারেশন আর্মি) সন্ত্রাসীদের আক্রমণে তিন জওয়ান নিহত ও অন্য পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) এনডিটিভি ওই তথ্য জানিয়েছে।
গণমাধ্যমে প্রকাশ, সন্দেহভাজন পিএলএ সন্ত্রাসীরা গোপনে জওয়ানদের উপরে আচমকা হামলা চালিয়েছে। আহত জওয়ানদের অবস্থা আশঙ্কাজনক বলে বলা হচ্ছে।
১৫ অসম রাইফেলসের একটি দল গতকাল (বুধবার) দিবাগত সন্ধ্যায় চান্দেল জেলায় টহলদারিতে গিয়েছিল। এসময় সন্দেহভাজন পিএলএ সন্ত্রাসীরা তাদের উপরে হামলা চালায়। সূত্রে প্রকাশ, প্রথমে জওয়ানদের উপরে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের মধ্য দিয়ে টার্গেট করা হয় এবং এরপরেই লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তাদের উপরে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে হামলা চালায়। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার দূরের ওই ঘটনাস্থলে অতিরিক্ত সামরিক বাহিনী পাঠানো হয়েছে।
গণমাধ্যমের অন্য একটি সূত্রে প্রকাশ, গতকাল (বুধবার) রাতে মিয়ানমার সীমান্তের কাছে ১৫ অসম রাইফেলসের একটি দল টহলদারি চালিয়ে সকালে ফিরছিল। এসময় মণিপুর-মিয়ানমার সীমান্তের কাছে সন্ত্রাসীরা প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায় এবং পরে গুলিবর্ষণ করে। জওয়ানরা পাল্টা জবাবি হামলা চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসী গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।
পিএলএ উত্তর-পূর্ব রাজ্যে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে অন্যতম। ২০১৫ সালে চান্দেল জেলায় জওয়ানদের উপরে বড়সড় হামলা হলে সেসময় ১৮ সেনা জওয়ান নিহত হয়েছিলেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।