এবার জয়শঙ্কর বৈঠক করবেন চীনা কর্তৃপক্ষের সঙ্গে, বিজেপি এমপি’র বিরোধিতা
https://parstoday.ir/bn/news/india-i82858-এবার_জয়শঙ্কর_বৈঠক_করবেন_চীনা_কর্তৃপক্ষের_সঙ্গে_বিজেপি_এমপি’র_বিরোধিতা
ভারত ও চীনের মধ্যে লাদাখ পরিস্থিতি নিয়ে এ বার চীনের সঙ্গে বৈঠকে বসতে পারেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। সাউথ ব্লকের একটি সূত্রে প্রকাশ, এস জয়শঙ্কর এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কমিশনার ওয়াং ই’র মধ্যে মস্কোয় বৈঠক হতে পারে। সাংহাই কো-অপারেশনের সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে মস্কো যাবেন এস জয়শঙ্কর। তখনই দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি বৈঠক হতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২০ ১৬:৩৪ Asia/Dhaka
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস  জয়শঙ্কর
    ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর

ভারত ও চীনের মধ্যে লাদাখ পরিস্থিতি নিয়ে এ বার চীনের সঙ্গে বৈঠকে বসতে পারেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। সাউথ ব্লকের একটি সূত্রে প্রকাশ, এস জয়শঙ্কর এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কমিশনার ওয়াং ই’র মধ্যে মস্কোয় বৈঠক হতে পারে। সাংহাই কো-অপারেশনের সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে মস্কো যাবেন এস জয়শঙ্কর। তখনই দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি বৈঠক হতে পারে।

এদিকে, ভারতের শাসক দল বিজেপি’র সিনিয়র নেতা ও এমপি সুব্রমনিয়াম স্বামী প্রস্তাবিত ওই বৈঠকে আপত্তি জানিয়েছেন। শ্রী স্বামী আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় বলেছেন, আগামী সপ্তাহে হতে যাওয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত বৈঠকটি বাতিল করা  উচিত। এটি অনর্থক, কারণ ভারত চায় চীনের দখলে থাকা ভারতীয় অঞ্চল মুক্ত করে দেওয়া হোক। কিন্তু চীন  এটিকে ভারতীয় অঞ্চল হিসাবে স্বীকৃতি দেয় না। সেজন্য ভারতীয় ভূখণ্ড খালি হবে না।

বিজেপি’র সিনিয়র নেতা ও এমপি সুব্রমনিয়াম স্বামী

 

এর আগে মস্কোয় চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে বৈঠক করেছেন তারও সমালোচনা করেছেন বিজেপি এমপি সুব্রমনিয়াম স্বামী। এ সম্পর্কে তিনি বলেন, আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ   সিংয়ের চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সাথে দেখা করতে রাজি হওয়া উচিত হয়নি, এমনকি তিনি দেখা করতে চাইলেও। এ নিয়ে একটি সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমার মতে, চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করা বড় ভুল ছিল। 

লাদাখ সীমান্তে উত্তেজনা কমানোর উদ্দেশ্যে গত (বৃহস্পতিবার) মস্কোয় চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফংহ’র সঙ্গে বৈঠক করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রায় আড়াই ঘণ্টার সেই বৈঠক তেমন ফলপ্রসূ  হয়নি বলেই প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর। যদিও প্রতিরক্ষা  বিশেষজ্ঞদের  একাংশের মতে  এরমধ্যে আশার কথা হল, প্রকাশ্যে চড়া সুর বজায় রাখলেও দু’পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছে। সেই সূত্র মেনেই এ বার পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক হতে পারে।#

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।