ভারতের অরুণাচল থেকে নিখোঁজ যুবকদের সন্ধান মিলেছে চীনেই: কিরেণ রিজিজু
-
কিরেণ রিজিজু
ভারতের অরুণাচল প্রদেশ থেকে সম্প্রতি যে যুবকরা নিখোঁজ হয়েছিলেন চীনে তাঁদের সন্ধান পাওয়া গেছে। আজ (মঙ্গলবার) কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বিষয়টি নিশ্চিত করেছেন। গত (শনিবার) অরুণাচল প্রদেশের পাঁচ যুবককে চীনা পিএলএ বাহিনী অপহরণ করেছিল অভিযোগ উঠেছিল। গণমাধ্যমে প্রকাশ, ওই যুবকরা ভারতীয় সেনার মালবাহক ও পথপ্রদর্শক হিসেবে কাজ করতেন।
অপহৃতদের একজনের ভাই প্রকাশ রিংলিং, অপহরণের বিষয়টি কেন্দ্রীয় সরকার ও সেনাবাহিনীর উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছিলেন। অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং এরিংও বিষয়টি টুইট করে প্রধানমন্ত্রীর দফতরকেও জানান। এরপরেই পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে ওই যুবকদের সন্ধানে তৎপরতা শুরু হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে হটলাইনে চীনা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ হয়।
এ ব্যাপারে আজ (মঙ্গলবার) কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, ‘ভারতীয় সেনা যে হটলাইন বার্তা পাঠিয়েছিল, তাতে সাড়া দিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। তারা নিশ্চিত করেছে যে অরুণাচল প্রদেশের নিখোঁজ যুবকদের সন্ধান পেয়েছে তাদের বাহিনী। আমাদের কর্তৃপক্ষের হাতে তাঁদের তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।’
এরআগে ওই বিষয়ে এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘এমন কোনও ঘটনার কথা আমার জানা নেই।’ একইসঙ্গে তিনি বলেন, চীন-ভারত সীমান্তের পূর্বদিক ও দক্ষিণ তিব্বত সম্পর্কে আমাদের অবস্থান স্পষ্ট। চীনা এলাকায় বেআইনিভাবে তৈরি করা তথাকথিত অরুণাচল প্রদেশের অস্তিত্ব আমরা কখনওই স্বীকার করিনি।’
এসবের পরেই আজ ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন,চীনে নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া গেছে এবং তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ভারতের। অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে চীন। অরুণাচলকে কেন্দ্র করেই ১৯৬২ সালে ইন্দো-চীন যুদ্ধ বেধেছিল।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।