এবার শ্রীকৃষ্ণ জন্মভূমির দাবিতে আদালতে মামলা, মসজিদ সরানোর দাবি
https://parstoday.ir/bn/news/india-i83374-এবার_শ্রীকৃষ্ণ_জন্মভূমির_দাবিতে_আদালতে_মামলা_মসজিদ_সরানোর_দাবি
ভারতের অযোধ্যায় রাম জন্মভূমি আন্দোলনে সফল হওয়ার পরে এবার মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমির দাবিতে আদালতে মামলা হয়েছে। মথুরা আদালতে মামলাকারীদের দাবি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমিতে একটি শাহী মসজিদ তৈরি করা হয়েছিল। ওই মসজিদ ওই জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২০ ১৫:৪৮ Asia/Dhaka
  • এবার শ্রীকৃষ্ণ জন্মভূমির দাবিতে আদালতে মামলা, মসজিদ সরানোর দাবি

ভারতের অযোধ্যায় রাম জন্মভূমি আন্দোলনে সফল হওয়ার পরে এবার মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমির দাবিতে আদালতে মামলা হয়েছে। মথুরা আদালতে মামলাকারীদের দাবি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমিতে একটি শাহী মসজিদ তৈরি করা হয়েছিল। ওই মসজিদ ওই জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে।

আজ (শনিবার) গণমাধ্যমে প্রকাশ, শ্রীকৃষ্ণ বিরাজমানের হয়ে মামলাকারী হলেন রঞ্জনা অগ্নিহোত্রীসহ শ্রীকৃষ্ণের ছয় ভক্ত এবং আইনজীবী হরিশঙ্কর ও বিষ্ণু জৈন। মামলা করা হয়েছে  উত্তরপ্রদেশের সুন্নী ওয়াকফ বোর্ড ও শাহী ঈদগাহ মসজিদের ট্রাস্টি  বোর্ডের বিরুদ্ধে।  মামলার আবেদনে বলা হয়েছে, যেহেতু মামলাকারী নাবালক, সেজন্য সেবায়েতদের মাধ্যমে নিজের সম্পত্তির দাবিতে মামলা করেছেন শ্রীকৃষ্ণ বিরাজমান। নিজের সম্পত্তি রক্ষা ও পুনুরুদ্ধারের সবরকম অধিকার রয়েছে মামলাকারীর।

তাদের দাবি, মথুরার কাটরা কেশব দেবের জমি থেকে শাহী ঈদগাহ ট্রাস্ট অবৈধভাবে জায়গা দখল করেছে। সেখানে  একটি মসজিদ নির্মিত হয়েছে। ওই জায়গাটিই শ্রীকৃষ্ণের প্রকৃত জন্মভূমি। জমির আসল অধিকার কেবল শ্রীকৃষ্ণের।

ভারতের সুপ্রিম কোর্টে কিছুদিন আগে উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরী মসজিদ-রামজন্মভূমি মামলার রায়  ঘোষণার পরে এবার মথুরায় শ্রীকৃষ্ণের জন্মভূমি নিয়ে দাবি জোরালো হতে শুরু করেছে।

নব্বইয়ের দশকে হিন্দুত্ববাদী বিজেপি’র বহুচর্চিত স্লোগান ছিল, ‘অযোধ্যা তো স্রেফ ঝাঁকি হ্যায়, মথুরা-কাশী বাকি হ্যায়’। দীর্ঘ আইনি জটিলতা শেষে সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যায় বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের পথ সুগম হওয়ার পরে বিজেপি নেতা বিনয় কাটিয়ার  বলেছিলেন, এ বার মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির থেকে শাহী ঈদগাহ ও কাশী বিশ্বনাথ মন্দির চত্বর থেকে জ্ঞানবাপী মসজিদ হটানোর পালা।

ভারতে ১৯৯১ সালে পিভি নরসীমা রাওয়ের সরকার উপাসনাস্থল সংক্রান্ত একটি আইন পাশ করেছিল। ওই আইনের চার নম্বর ধারায় বলা হয়েছে, স্বাধীনতার দিন থেকে দেশে যেসব ধর্মীয় কাঠামো রয়েছে, তার চরিত্র কোনওভাবেই পরিবর্তন করা যাবে না। কোনও মন্দিরের জায়গায় যেমন মসজিদ বানানো যাবে না, তেমনই মসজিদ সরিয়ে মন্দিরও বানানো যাবে না।  যদিও হিন্দুত্ববাদীরা যে থেমে নেই তা শ্রীকৃষ্ণ জন্মভূমি নিয়ে আদালতে মামলা করাতেই স্পষ্ট হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।