পিপলস অ্যালায়েন্স বিজেপিবিরোধী মঞ্চ, জাতীয়তাবিরোধী নয়: ডা. ফারুক আব্দুল্লাহ
https://parstoday.ir/bn/news/india-i84130-পিপলস_অ্যালায়েন্স_বিজেপিবিরোধী_মঞ্চ_জাতীয়তাবিরোধী_নয়_ডা._ফারুক_আব্দুল্লাহ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’ (পিএজিডি)–এর সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল (শনিবার) বিকেলে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতির বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বিত এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ২৫, ২০২০ ০৮:১৯ Asia/Dhaka

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’ (পিএজিডি)–এর সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল (শনিবার) বিকেলে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতির বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বিত এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে এক সংবাদ সম্মেলনে ‘পিএজিডি’ সভাপতি ডা. ফারুক আব্দুল্লাহ বলেন, পিপলস অ্যালায়েন্স বিজেপিবিরোধী মঞ্চ, জাতীয়তাবিরোধী মঞ্চ নয়। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘৩৭০ ধারা শেষ করে দিয়ে এবং জম্মু ও কাশ্মীরকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে বিজেপি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙেছে, যা আমরা গত  বছরের ৫ আগস্ট দেখেছি তারা কী করেছিল। ওরা দেশের সংবিধানকে তছনছ করে দেশকে বিভক্ত করার চেষ্টা করেছে। বিজেপি’র পক্ষ থেকে মিথ্যে প্রচার করা হচ্ছে যে ‘পিএজিডি’ দেশবিরোধী। কিন্তু আমি আপনাদের বলতে চাই যে, এটি সত্যি নয়। কোনও সন্দেহ নেই যে, এটি বিজেপিবিরোধী তবে এটি জাতীয়তাবিরোধী নয়। আমাদের লক্ষ্য জম্মু, কাশ্মীর ও লাদাখের জনগণের অধিকার পুনরুদ্ধার ও নিশ্চিত করা। এর চেয়ে আমাদের বেশি লড়াই নয়। ওরা জম্মু, কাশ্মীর ও লাদাখের লোকদের ধর্মের নামে ভাগ করার চেষ্টা করছে কিন্তু এই প্রয়াসে তারা সফল হতে পারবে না। এটি কোনও ধর্মীয় যুদ্ধ নয়। বরং এটি আমাদের পরিচিতির লড়াই। এই পরিচিতির জন্যই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি।’

‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’ (পিএজিডি)–এর নেতৃবৃন্দ

পিএজিডি মুখপাত্র ও পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ গণি লোন বলেন, জোটের প্রতীক হবে পূর্ববর্তী জম্মু ও কাশ্মীরের পতাকা। পিএজিডি ৩৭০ ধারা অপসারণের পরে গত এক বছরের শাসনামলের বিষয়ে এক মাসের মধ্যে একটি শ্বেতপত্র প্রকাশ করবে। ওই শ্বেতপত্রটি শব্দের জাল হবে না বরং এটি রাজ্যের মানুষের পরিস্থিতি বিবেচনা করে তথ্যের ভিত্তিতে তৈরি হবে। কেবল জম্মু ও কাশ্মীরেই কী দুর্নীতি হয়েছে তার সত্যতা শ্বেতপত্র প্রকাশ করা হবে। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জোটের পরবর্তী বৈঠক ১৫ দিন পরে জম্মুতে অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি, আগামী ১৭ নভেম্বর শ্রীনগরে সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘পিএজিডি’র বৈঠকে ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ডা. ফারুক আবদুল্লাহ, সহ-সভাপতি ওমর আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক আলী মুহাম্মদ সাগর, পিডিপি প্রধান মেহবুবা মুফতি, সিপিআই (এম) নেতা মুহাম্মাদ ইউসুফ তারিগামি, পিপলস কনফারেন্সের নেতা সাজ্জাদ গণি লোন এবং এএনসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ওই বৈঠকে ডা. ফারুক আব্দুল্লাহকে ‘পিএজিডি’ সভাপতি, মেহবুবা মুফতিকে সহ-সভাপতি, ইউসুফ তারিগামিকে আহ্বায়ক এবং দক্ষিণ কাশ্মীরের লোকসভার সদস্য হাসনাইন মাসউদি সমন্বয়ক নির্বাচিত হয়েছেন। মুখপাত্র হয়েছেন সাজ্জাদ গণি লোন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।