রাজস্থানের গো-শালায় রহস্যজনকভাবে ৯৪ টি গরুর মৃত্যুতে চাঞ্চল্য, তদন্ত শুরু
https://parstoday.ir/bn/news/india-i84823-রাজস্থানের_গো_শালায়_রহস্যজনকভাবে_৯৪_টি_গরুর_মৃত্যুতে_চাঞ্চল্য_তদন্ত_শুরু
ভারতের রাজস্থানের চুরু জেলায় একটি গো-শালায় আচমকা ৮০ টি গরু মারা যাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনার খবর পাওয়ার পরে উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ২২, ২০২০ ১৭:৩৫ Asia/Dhaka
  • রাজস্থানের গো-শালায় রহস্যজনকভাবে ৯৪ টি গরুর মৃত্যুতে চাঞ্চল্য, তদন্ত শুরু

ভারতের রাজস্থানের চুরু জেলায় একটি গো-শালায় আচমকা ৮০ টি গরু মারা যাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনার খবর পাওয়ার পরে উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।

এ প্রসঙ্গে সরদারশহরের তহসিলদার কুতেন্দ্র কানওয়ার জানান, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সর্বোপরি, বিষাক্ত খাবার খেয়ে বা রোগের কারণে এতগুলো গরু মারা গেছে কি না, তা নিশ্চিত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন আসার পরে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

চঞ্চল্যকর ওই ঘটনাটি ঘটেছে সরদারশহরের বিলুবাস রামপুরার শ্রী রাম গো-শালায়। কর্মকর্তাদের মতে, গত (শুক্রবার) সন্ধ্যার পর থেকে ওই  গো-শালায় ৮০ টি গরু মারা গেছে এবং আরও কিছু গরু অসুস্থও  রয়েছে। ঘটনাস্থলে পশুপালন ও মেডিকেল বিভাগের টিম উপস্থিত রয়েছে। সংশ্লিষ্ট বিভাগের যুগ্ম পরিচালক ডা. জগদীশ বারবাড জানান, গো-শালায়  শুক্রবার সন্ধ্যায় গরুরা আচমকা অসুস্থ হয়ে পড়ে। রাতে ৮০ টি গরু মারা যায়। আরও কয়েকটি গরুও অসুস্থ হয়ে আছে। যদিও তাদের মধ্যে বেশিরভাগের অবস্থা ঠিক আছে। তিনি বলেন, সম্ভবত কোনও বিষাক্ত জিনিস খাওয়ার কারণে ওই ঘটনা ঘটেছে। পশুখাদ্যের নমুনা নেওয়া হয়েছে এবং তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

গত মাসে হরিয়ানা রাজ্যের পঞ্চকুলার মাতা মনসা দেবী মন্দিরের কাছে অবস্থিত গো-শালায় খাদ্যে বিষক্রিয়ার কারণে ৭০ টি গরু মারা গিয়েছিল। একইসময়ে ৩০ টি গরু চিকিত্সাধীন ছিল। সেই সময়ে বলা হয়েছিল, সন্ধ্যায় বাইরে থেকে আসা এক ব্যক্তি ওই গরুদেরকে খাবার দিয়েছিলেন। খাবার খাওয়ার পরে গরুদের অবস্থার অবনতি ঘটে, এবং সকাল হওয়া পর্যন্ত ৭০ টি গরু মারা যায়। গোটা বিষয়টি তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছিল। এর পাশাপাশি, ভবিষ্যতে গো-শালায় গো-খাদ্য  দেওয়ার আগে তার সম্পর্কে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছিল। সেই ঘটনার জের না মিটতেই এবার রাজস্থানের গো-শালায় রহস্যজনকভাবে ৭০ টি গরুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।