যতদিন বেঁচে থাকব, বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াই চলবে : মমতা বন্দ্যোপাধ্যায়
-
মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যতদিন বেঁচে থাকব, সরকারি সংস্থা বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। তিনি আজ (মঙ্গলবার) রানিগঞ্জে এক কর্মসূচিতে ওই মন্তব্য করেন।
ভারতের কেন্দ্রীয় সরকার ইসিএল, রেলওয়ে, বিএসএনএল-এর মতো সংস্থা বেসরকারিকরণ করতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। এ প্রসঙ্গে সোচ্চার হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘চিত্তরঞ্জন লোকোমোটিভ বন্ধ করে দিতে চাচ্ছেন? আমি বাঁচিয়েছিলাম এই সংস্থাকে। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই চিত্তরঞ্জনকে বেচে দিতে চাচ্ছে। রেল, সেল, ইসিএল, বিএসএনএল বেসরকারিকরণ করে দিতে চাচ্ছে।
মমতা বলেন, ‘যতদিন বেঁচে থাকব, বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াই চলবে।’ দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের সংস্থা ডিপিএল বন্ধ হয়ে রয়েছে। এ প্রসঙ্গে মমতার বক্তব্য- ১১ মাস ডিপিএল বন্ধ থাকলেও রাজ্য সরকার মাইনে বন্ধ করেনি।’
বিজেপিকে টার্গেট করে তাদের বিরুদ্ধে নির্বাচনে টাকা ছড়ানোর অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, ‘নির্বাচনের সময়ে দেখবেন বাইরের অনেক গুন্ডারা আসবে। টাকা নিয়ে আসবে। আপনাদের টাকা দেবে। কিন্তু ৫০০০ টাকা দিয়ে কী সংসার চলবে? সারা বছর চলবে? ওরা কিন্তু ভোট হয়ে গেলে পালিয়ে যাবে। আপনাদের বোকা বানিয়ে চলে যাবে দিল্লিতে। আমি মনে করি, টাকা দিয়ে বাংলার মানুষকে কেনা যায় না।’
মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের সম্পর্কে বলেন, ওনারা এসে বাংলায় ভাগাভাগি করতে চাচ্ছে। এরা বাংলায় জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি করতে চায়। বাংলাকে কোনওভাবেই গুজরাট হতে দেবো না বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।