মিথ্যে তথ্য দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে শোভনীয় নয়, বিজেপি চিটিংবাজ পার্টি: মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ‘চিটিংবাজ পার্টি’ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে টার্গেট করে বলেছেন, মিথ্যে তথ্য দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে শোভা পায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ (সোমবার) বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তাঁর ওই অভিযোগের তীব্র সমালোচনা করেন এবং বিজেপিকে কটাক্ষ করেন।
মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘অমিত শাহ অনেক মিথ্যে কথা বলে গেছেন। উনি বলেছেন, আমরা নাকি ইন্ডাস্ট্রিতে জিরো! কিন্তু আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশে এক নম্বর। গ্রামীণ সড়ক তৈরিতে আমরা এক নম্বরে আছি। রাজ্য নয়, এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকারই। আগামীকাল এসব বিষয়ে প্রমাণসহ সব তথ্য দেবো।
তিনি অমিত শাহকে কটাক্ষ করে বলেন, উনি জানেন তো সোনা, রূপো, তামা কাকে বলে! অস্ত্র, দাঙ্গা, সেকুলার, কমিউনাল কাকে বলে! মিথ্যে তথ্য দেওয়া একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে মানায় না। দল ঠিক করে দিচ্ছে তথ্য। কিছু বলার আগে ক্রস চেক করুন। বিজেপি চিটিংবাজ পার্টি! রাজনীতির জন্য তারা যা খুশি করতে পারে, বলতে পারে!
সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতেও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘বিজেপি নাগরিকদের ভাগ্য নির্ধারণ করতে পারে না। আমরা এনপিআর এবং এনআরসি’র বিরুদ্ধে। আমরা কাউকে দেশ থেকে বাইরে যেতে দেবো না।এ নিয়ে লড়াই চলবে বলেও তিনি জানিয়ে দেন।#
পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।